নারায়ণগঞ্জে নোংরা রাজনীতি চলছে
............... আইভী
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ২১:৫৪
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, একজন গডফাদার যেভাবে আমার মত নারীকে লাঞ্ছিত ও অশোভন আচরণ করেছে তাতে তাঁর মা আর মেয়ে থাকলেও লজ্জায় মুখ ঢাকবে। নারায়ণগঞ্জে এখন নোংরা রাজনীতি চলছে। কিন্তু আমি ওই রাজনীতিতে জড়াতে চাই না। উন্নয়নের ক্ষেত্রে আমার কাছে কোন বিভেদ নেই। কিন্তু বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। সোমবার শীতলক্ষ্যা নদীর পূর্বপাড় বন্দরে মদনগঞ্জ হতে নবীগঞ্জ পর্যন্ত ১০০ ফুট সড়ক প্রশস্তকরণ নির্মাণ কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আইভী এসব কথা বলেন। শামীম ওসমানের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি কোন প্রকার দুর্নীতি করিনি। কোন টেন্ডার বাণিজ্য করি না। আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সাগর, প্যানেল মেয়র হাজী ওবায়েদউল্লাহ, কাউন্সিলর ফয়সাল আহমেদ সাগর, হান্নান সরকার, রিজওয়ানা সুমী প্রমুখ।