নারায়ণগঞ্জে নির্মাণ শ্রমিকসহ পৃথক ঘটনায় পাঁচ খুন

নারায়ণগঞ্জে নির্মাণ শ্রমিকসহ পৃথক ঘটনায় বিভিন্ন স্থানে পাঁচজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। নারায়ণগঞ্জে নির্মাণ শ্রমিক খুন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল সোমবার আবদুর রহমান (৩৫) নামে এক নির্মাণ শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের স্ত্রী মদিনা বিবি জানান, রবিবার বিকালে কাজ শেষে রহমান বাড়ি ফিরে পাওনা টাকা আদায়ের জন্য বিসিক টাওয়ারে গিয়ে আর ফিরে আসেননি। ফতুল্ল¬া মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, ফতুল্লার শাসনগাঁও এলাকা থেকে একটি ভবনের ভেতর থেকে আবদুর রহমানের গলা কাটা বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। ভৈরবে যুবকের লাশ উদ্ধার কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের পাশের পুকুর পাড় থেকে গতকাল সোমবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পরনে জিন্স প্যান্ট ও শার্ট ছিল। এলাকাবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে সন্ত্রাসীরা অজ্ঞাত পরিচয় যুবককে হত্যার পর গলায় দড়ি বেঁধে স্টেশনের পাশের বস্তি সংলগ্ন পুকুর পাড়ে ফেলে যায়। পরে সকালে এলাকাবাসী লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করেন। আখাউড়ায় যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল জংশনের পাশ থেকে গত সোমবার অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আখাউড়া রেলওয়ে থানার ওসি নূরুল আমীন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত করছে। শ্রীমঙ্গলে গৃহবধূ খুন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর উত্তরসুর গ্রামে গতকাল সোমবার পারিবারিক কলহের জের ধরে শাহানা বেগম (৩৬) নামে এক গৃহবধূ স্বামীর হাতে খুন হয়েছেন। জানা যায়, শাহানাকে প্রথমে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে কোপায় এবং এক পর্যায়ে স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে অজ্ঞান অবস্থায় প্রতিবেশীরা স্বামী আব্দুল আজিজকে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করে। পুলিশ শাহানা বেগমের লাশ উদ্ধার করে। এ বিষয়ে থানায় কোন মামলা হয় নি। লাকসামে যুবকের লাশ উদ্ধার কুমিল্লা পৌরসভার মিশ্রি এলাকা থেকে গতকাল সোমবার সকালে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে হত্যা শেষে ওই যুবকের লাশ গাছে ঝুলিয়ে দেয়া হয়েছে। তার পরনে নীল রংয়ের টি-শার্ট ও চেক লুঙ্গি।