জলঢাকায় এল.সি.এস পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

নীলফামারীর জলঢাকায় লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এল.সি.এস) পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। সোমবার কৈমারী আঞ্চলিক সড়ক মেরামত কাজে মহিলারা কাজ করতে গেলে সে কাজ বন্ধ করে দেয় স্থানীয় ইউপি সদস্যরা। পরে কমিউনিটি অর্গানাইজার (সিও) আমিনুর রহমান কাজ তদারকি করতে গেলে তাকে অবরুদ্ধ করে উপজেলার কৈমারী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্যরা। জানা যায়, পল্লী সড়ক ও কালভার্ট মেরামতের নিমিত্তে কৈমারী ইউনিয়ন থেকে চারজন, শৌলমারী ইউনিয়ন থেকে চারজন, ডাউয়াবাড়ী থেকে চারজন ও পৌরসভা এলাকা থেকে পাঁচজন এল.সি.এস পদে ১৭ জন মহিলা নিয়োগ দেয় এলজিইডি, জলঢাকা। কৈমারী ইউনিয়নের ইউপি সদস্য রশিদুল ইসলাম রুবেল জানায়, এল.সি.এস পদে আমাদের ইউনিয়ন থেকে যে চারজনকে নিয়োগ দেয়া হয়েছে তাদেরকে টাকার বিনিময় নিয়োগ দিয়েছে স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলী। তবে চেয়ারম্যান কহিনুজ্জামান লিটন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিয়োগ দেয়ার ব্যাপারে আমার সাথে কোন যোগাযোগ না করে একতরফা ভাবে উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ এ নিয়োগ দিয়েছে’। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী হারুন-অর রশিদ জানান, এল.সি.এস পদে নিয়োগ দেয়া হয়নি।