সাড়ে আট হাজার লিটার দেশীয় মদসহ আটক ৬

নারায়ণগঞ্জ শহরের টানবাজার থেকে ৮ হাজার ৪শ’ ৭০ লিটার দেশীয় মদ উদ্ধার ও ৬ জনকে আটক করেছে র্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানি। গতকাল সোমবার সেন অ্যান্ড কোং নামের একটি মদের দোকানে এ অভিযান চালানো হয়। র্যাবের একজন কর্মকর্তা জানান, সেন অ্যান্ড কোং এ নিয়ম বহির্ভূতভাবে মদ বিক্রি হচ্ছে অভিযোগ পেয়ে সকালে অভিযান চালানো হয়। এসময় ওই দোকানে মদ তৈরি ও বিক্রির সময়ে ৬ জনকে আটক করা হয়েছে। তারা হলো দোকান মালিক হাসান ইমাম, মোহাম্মদ বাবুল, গুরুচন্দন সাহা, গিয়াসউদ্দিন রুবেল, শাহআলম ও সামছুল হক। নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় র্যাবের ডিএডি খন্দকার আসলাম বাদী হয়ে মামলা করেছেন।