রামগঞ্জে আওয়ামী লীগের দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামে আসামি ছিনতাইয়ের ঘটনায় রবিবার রাতে মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এ,এস আই রুহুল আমিন বাদী হয়ে করপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক মজিবকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করে আওয়ামী লীগ-যুবলীগের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। করপাড়া ইউপি আ’লীগ নেতা মফিজ উল্ল্যাহ,মন্নান ভান্ডারী,জসিম উদ্দিন বলেন, পুলিশ আসামি ধরার নামে আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীদের বাসা-বাড়িতে অভিযান চালাচ্ছে। তিনি জানান, রবিবার করপাড়া ইউপি কার্যালয়ে গ্রাম্য আদালত চলাকালে পুলিশ হত্যা মামলার আসামি মিঠুকে আটক করে হ্যান্ডকাফ পরিয়ে গাড়িতে তোলে। গাড়িটি নূরনবী চেয়ারম্যান বাড়ির সামনে গেলে মিঠুর লোকজনের সাথে পুলিশের বাক-বিতণ্ডার মাঝে মিঠু পালিয়ে যায়। এ সংবাদে ওসি লোকমান হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় পুলিশ ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিবের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে এবং বাড়িতে ঝটিকা অভিযান চালায়। এ সময় পুলিশ চেয়ারম্যানের বৃদ্ধা মা চাচী অসুস্থ স্ত্রী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজ কেরানী, ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক রুবেল হাওলাদারসহ অর্ধশতাধিক লোকজনকে লাঠিচার্জ করে। তিনি অভিযোগ করেন পুলিশ নিজের ব্যর্থতাকে ধামাচাপা দিতে চেয়ারম্যানকে আটক করে থানায় নিয়ে মামলা রুজু করে। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন,পুলিশ আসামি ছিনতাই, পুলিশের ওপর হামলা, গুলিবর্ষণ এবং পুলিশের গাড়ি ভাংচুরকারীদের চিহ্নিত করে তাদের মামলার আসামি করেছে।