সিটির জয়ে কোচের সন্তুষ্টি

সুয়ারেজের বিকল্প খুঁজছেন রজার্স

ম্যানচেস্টার সিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি আত্মবিশ্বাসী যে, তার ইংলিশ লিগ জয়ী দলটি এখন ১২ মাস আগের চাইতে ভাল। শিরোপাধারীরা গত রবিবার নিউক্যাসলের মাঠে ২-০ গোলের জয় দিয়ে এবারের লিগ মৌসুম শুরু করে। পেলিগ্রিনি এ জয়ে আনন্দিত। কেননা তার বিশ্বকাপে অংশ নেয়া তারকাদের অনেকেই পর্যাপ্ত ফিটনেস ছাড়াই খেলাটিতে অংশ নেয়। তবে এবারের মৌসুমেও দলে জায়গা পেতে লড়াই চলবে বলে তিনি নিশ্চিত যে, তার সময়ে সিটি সামর্থ্যবান হয়ে উঠছে। তিনি বলেন, ‘প্রতি বছর দলের তুলনা টানা খুবই কঠিন। সম্ভবত গেল বছর অনেকেই আমাদের শিরোপা জয়ের সামর্থ্য নিয়ে সন্দিহান ছিলেন। কারণ এটা ছিল প্রিমিয়ার লিগে আমার প্রথম মৌসুম। আজ, আমরা খেলোয়াড়দের নিয়ে আরো একটা বছর কাজ করলাম এবং আমি মনে করি- আমাদেরও একটা শক্তিশালী দল আছে।’ চিলির এই কোচ আরো বলেন, ‘ইংল্যান্ডে প্রিমিয়ার লিগে সব সময়েই পাঁচ/ছয়টা দল শিরোপা জিততে পারে। এ জন্য আমাদের আজ যে রকম দৃষ্টিভঙ্গি ছিল, যে ক্ষুধা নিয়ে মৌসুম শুরু করেছি তাই বজায় রাখা দরকার। আমি নিশ্চিত- এ দলটি লড়াই চালিয়ে যেতে পারবে এবং মৌসুম শেষে আমরা দেখবো কোন কোন শিরোপা আমরা জিতি।’ এদিকে গতবারের রানার্স-আপ লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্স জানিয়েছেন- লুই সুয়ারেজ পরবর্তী পরিস্থিতিতে তার দল যেভাবে পরিস্থিতি সামলে সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে তাতে তিনি উত্সাহিত বোধ করছেন। তবে তিনি এও জানান যে, তাদের এখনো একজন স্ট্রাইকার দরকার। ড্যানিয়েল স্টুরিজের ৭৯ মিনিটে দেয়া জয়সূচক গোলে গেলবারের রানার্স-আপ লিভারপুল এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম জয় দিয়েই শুরু করতে সক্ষম হয়। দলটি ২৩ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে আগে গোল দিলেও নিজ মাঠে জয়টি পেতে বেগ পায়। কেননা সাউদাম্পটনের নাথানিয়েল ক্লাইন বিরতির কিছু পরই গোলটি শোধ করে দিলে স্টুরিজের গোলের আগ পর্যন্ত শঙ্কায় ছিল রজার্সের দল। সুয়ারেজ লিভারপুলের গেলবারের সাফল্যে অনেকখানি অবদান রেখেছিলেন। তাই উরুগুয়ে স্ট্রাইকারটির বার্সেলোনায় পাড়ি জমানোর পর তার অনুপস্থিতিতে দল কেমন করে তা ছিল দেখার বিষয়। রবিবার অ্যানফিল্ডে লিভারপুল তাদের সেরা নৈপুণ্য থেকে অনেক দূরে ছিল; কিন্তু রজার্সের বক্তব্য হলো- ‘এখানে আমাদের চাওয়া হলো লিভারপুলকে কোন একজন খেলোয়াড়ের চাইতে বড় হতে হবে। লুই আজ (গতকাল) সকালে আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে চমত্কার এক বার্তা পাঠায়। এটা একটা দারুণ অভিব্যক্তি। সে এখন লিভারপুলের বন্ধু। সে দারুণ এক ছেলে; কিন্তু এখন আর নেই।’ রজার্স আরো বলেন, ‘আমরা যে কোন খেলোয়াড়ের চাইতে বড়। আমরা এখনো আরেকজন স্ট্রাইকার চাইছি; কিন্তু সেটা নির্ভর করবে প্রাপ্যতার উপর। আমাদের কাছে সাউদাম্পটনের বিরুদ্ধে জেতাটাই বড় ছিল এবং আমরা তা অর্জন করতে সক্ষম হই।’ -মেইলঅনলাইন/এএফপি।