সুবিবেচক স্থানীয় নেতৃত্বই মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, রাজনৈতিক ক্রান্তিলগ্নের মাঝে ধৈর্যধারণ করে সহমর্মিতার সাথে কাজ করতে হয়। এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা চালালে তার সুফল পাওয়া যাবে। এ ক্ষেত্রে দলমত নির্বিশেষে উদারতার সাথে একযোগে কাজ করতে হবে। তিনি গতকাল সোমবার পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলা সদরে পর্ত্তাশী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি বলেন, অর্জিত ক্ষমতা বা শক্তি সময়মত সঠিকভাবে ব্যবহার করতে না পারলে এলাকাবাসী বঞ্চিত হয়। সরকার আসবে, সরকার যাবে কিন্তু স্থানীয় পর্যায়ের নেতৃত্ব যদি সুবিবেচক হয় তা হলে সে অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন ঠিকই ঘটবে। এক্ষেত্রে সুষ্ঠু রাজনীতির পরিবেশ সৃষ্টি করে এলাকার মানুষের স্বার্থে সরকারি উদ্যোগের সাথে বিরোধীদলীয় লোকের সহযোগিতা করা উচিত, তা নাহলেউন্নয়ন কাজের গতি ব্যাহত হয়ে পড়ে। আমাদের দেশে কেন্দ্রে যেমন সরকারি দল থাকে আবার স্থানীয় সরকারে কোথাও কোথাও বিরোধীদলের লোকজন রয়েছে। এ ক্ষেত্রে সমন্বয়ের অভাব দেখা দিলে বরাদ্দকৃত সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করা যায় না। প্রকারান্তরে সাধারণ জনগণ অধিকার ভোগ করতে পারে না। বড় পরিসরে জনগণের আকাঙ্ক্ষা পূরণে বড় মনের পরিচয় দিতে হয়। তাই আমরা দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করতে অভ্যস্ত। এ জন্য কাজের উপযোগী পরিবেশ তৈরি করতে আমাদের পাথেয় হচ্ছে এ অঞ্চলে ৩০ বছর ধরে অর্জিত নানামুখী অভিজ্ঞতা, যার সদ্ব্যবহার করার ক্ষেত্রকে আমরা বিশেষ গুরুত্ব দিতে চাই। পর্ত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জিয়ানগর উপজেলা জাতীয় পার্টির (জেপি) আহ্বায়ক আসাদুল কবির তালুকদার স্বপনের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক একেএম শামিমুল হক সিদ্দিকী, পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান, ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান উজ্জল, জিয়ানগরের ইউএনও সিদ্ধার্থ শংকর কুণ্ড, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন মহারাজ, জেপি’র কেন্দ্রীয় নেতা ও ভাণ্ডারিয়ার ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি'র কেন্দ্রীয় নেতা ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিপি এডভোকেট মতিউর রহমান, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ইকরামুল কবির মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, উপজেলা জেপি’র সদস্য সচিব ও বালিপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, জেপি’র উপজেলা যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন, শহীদুল ইসলাম দোদুল, মহসিন হাওলাদার মধু, কাওছার আহমেদ দুলাল, মিজানুর রহমান, আনিসুর রহমান, যুগ্ম সদস্যসচিব হারুণ অর রশীদ পান্না, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারিক, জিয়ানগর উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মজনু হোসেন রনি, দুঃস্থ কল্যাণ সংস্থার নেত্রী শারমীন হোসেন, রাজিয়া সুলতানা রানী প্রমুখ।