৬০ বছর পর বঙ্গবন্ধুর সেই বাইসাইকেল সংরক্ষণের উদ্যোগ

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ব্যবহূত বাইসাইকেল ৬০ বছর পর জাদুঘরে সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগে খুব খুশি হয়েছেন বাইসাইকেল মালিক ও জেলার বালিয়াকান্দি উপজেলায় নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের ৭৯ বছর বয়স্ক আবদুল ওয়াজেদ মন্ডল। এক প্রতিক্রিয়ায় গতকাল সোমবার সকালে সাইকেল মালিক আব্দুল ওয়াজেদ মন্ডল জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহূত বাইসাইকেলের সংবাদ পেয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান গত শনিবার বিকালে তার বাড়িতে এসে সাইকেলটি পর্যবেক্ষণ করেছেন। একই সাথে ওই সময়ই তিনি সাইকেলটি জাদুঘরে সংরক্ষণের জন্য নিয়ে যেতে চান। তবে আব্দুল ওয়াজেদ মন্ডল এভাবে সাইকেলটি দিতে রাজি হননি। এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি সাইকেলটি হস্তান্তর করতে চেয়েছেন। তিনি বলেন, এখন আমি খুব খুশি। ৬০ বছর ধরে সাইকেলটি আমি আগলে রেখেছি। ওই সাইকেলটি এখন জাদুঘরে স্থান পাওয়ায় নতুন প্রজন্মের সাইকেলের ইতিহাস জানতে পারবে। আবেগে আপ্লুত হয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু একদিনে জাতির জনক বঙ্গবন্ধু হননি। তার অনেক অতীত ইতিহাস রয়েছে। এ বাইসাইকেলটিও একটি ইতিহাস। রাজবাড়ী জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান জানান, বিষয়টি জেনে তিনি সরজমিনে ওই সাইকেলটি পর্যক্ষেণ করতে ওয়াজেদ মন্ডলের বাড়িতে গিয়েছিলেন। একই সাথে ওয়াজেদ মন্ডলের দেয়া তথ্য যাচাই-বাছাই করতে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান ওই বাড়িতে গিয়ে ওয়াজেদ মন্ডলের সাক্ষাত্কার লিপিবদ্ধ করেছেন। তিনি আরো বলেন, যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সমাপ্ত হলেই সাইকেলটি জাদুঘরে রাখার ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী ওয়াজেদ আলী চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে রাজবাড়ীতে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই প্রার্থীর পক্ষে টানা ১৫ দিন বঙ্গবন্ধু তার সঙ্গীদের নিয়ে ওয়াজেদ মন্ডলের এ বাইসাইকেলটি চালিয়ে গ্রামে-গ্রামে গিয়ে ভোট চেয়েছেন।