প্যারিসে সৌদি প্রিন্সের গাড়িবহরে ডাকাতি
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ২৩:০৫
ফ্রান্সের রাজধানী প্যারিসে সৌদি প্রিন্সের গাড়িবহরে সশস্ত্র ব্যক্তিরা হামলা চালিয়ে ডাকাতি করেছে। দুর্বৃত্তরা প্রায় সাড়ে তিন লাখ মার্কিন ডলার লুট করেছে বলে পুলিশ জানায়। জানা গেছে গাড়িবহরটি রবিবার গভীর রাতে উত্তর প্যারিস থেকে লা বোর্গে এয়ারপোর্টে যাবার পথে ডাকাতির শিকার হয়। খবর বিবিসির।
সূত্র জানায়, ডাকাতরা অর্থ এবং মূল্যবান নথিপত্র ভর্তি একটি গাড়ি ছিনতাই করে। পরে গাড়িটির ড্রাইভার এবং দুই সঙ্গীকে নামিয়ে দিয়ে অর্থ নিয়ে চলে যায় বন্দুকধারীরা। সৌদি দূতাবাস থেকে গাড়িটি এয়ারপোর্টের উদ্দেশে রওয়ানা হয়েছিল বলে জানা যায়। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাকাতরা কালাশনিকভ রাইফেল নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে সৌদি প্রিন্সের গাড়িবহরটি ছত্রভঙ্গ হয়ে যায়। দুটি পৃথক গাড়িতে করে আটজন ডাকাত এই হামলা চালায় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তারা একটি গাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। পুলিশ জানায়, গাড়িতে নগদ প্রায় আড়াই লাখ ইউরো এবং সৌদি দূতাবাসের বেশ কিছু মূল্যবান নথিপত্র ছিল।