শঙ্কামুক্ত ন্যান্সি

শঙ্কামুক্ত ন্যান্সি। চিকিত্সকের মতে, তিনদিনের মধ্যে সুস্থ ও স্বাভাবিকভাবে নিজ বাড়িতে যেতে পারবে। তৃতীয় দিনে এসে সংগীত তারকা ন্যান্সির শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। গতকাল বেলা সাড়ে এগারোটার দিকে তাকে আইসিইউ থেকে ক্যাবিনে স্থানান্তর করা হয়েছে। ল্যাবএইড হাসপাতালের কো-অর্ডিনেটর ডা. আরী আবরার জানান, ‘গতকাল থেকেই অবস্থার উন্নতি হতে শুরু করেছে। তবে অতিরিক্ত মানসিক ডিপ্রেশনের কারণে তার সাথে তেমন কাউকে কথা বলতে দেয়া হচ্ছে না। তার মানসিক গ্রুমিংটা এখন সবচে জরুরি। তবে এখন আর তেমন কোনো শঙ্কার কারণ নেই। আবরার আরো জানান, ন্যান্সি এখন নিয়মিত স্বাভাবিক খাবার গ্রহণ করছেন। স্বাভাবিক কথাবার্তা বলছেন। তবে শরীর খানিকটা দুর্বল এখনো। আশা করছি এটাও দু’-একদিনের মধ্যে কেটে যাবে। এদিকে হাসপাতালে ন্যান্সির পাশে সার্বক্ষণিক দেখভালের দায়িত্বে রয়েছেন ভাই জনি ও স্বামী জায়েদ। এদিকে ন্যান্সির দুই সন্তান তার এক আত্মীয়ের বাসায় রয়েছেন বলে জানা যায়। উল্লেখ্য, ১৬ আগস্ট দুপুরে প্রথমে ৪০টি পরে আরো ২০টি ঘুমের বড়ি সেবন করেন ন্যান্সি। সেদিনই নেত্রকোনা হাসপাতাল, ময়মনসিংহ হাসপাতাল এবং ঢাকা মেডিক্যাল হয়ে সর্বশেষ গতকাল সকালে ভর্তি হন ল্যাবএইড হাসপাতালে।