দেশে সরকার নেই, আছে আওয়ামী লীগের লুটেরা বাহিনী
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ২৩:১০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম.কে আনোয়ার বলেছেন, দেশে সরকার আছে বলে মনে হচ্ছে না, আছে আওয়ামী লীগের লুটপাটের বাহিনী। গতকাল সোমবার সকালে কুমিল্লার তিতাস উপজেলা বিএনপি আয়োজিত কড়িকান্দিস্থ দলীয় অফিসে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এম.কে আনোয়ার একথা বলেন।
এম.কে আনোয়ার বলেন, দেশ ও দেশের মানুষের জন্য আওয়ামী লীগের কোন কৃতিত্ব নেই। তাদের কৃতিত্ব আছে গুম, খুন, লুটপাট আর বিরোধী দলের নেতা-কর্মীদের অত্যাচার, নির্যাতনে। ৫ জানুয়ারির নির্বাচন ছিলো ভোট ও ভোটারবিহীন অথচ প্রধানমন্ত্রীসহ তার দোসররা মিথ্যাচার করে যাচ্ছেন। তিনি বলেন, এদেশের জনগণকে ৫ বছর অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই আওয়ামী লীগের পতন ঘটিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে।
তিতাস উপজেলা বিএনপির সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরকার, বিএনপি নেতা আক্তারুজ্জামান আক্তার প্রমুখ।