সাক্ষ্য দিলেন র্যাবের আরো ২ সদস্য

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন র্যাব-১১ এর আরো দুই সদস্য। সোমবার বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে মেজর সুরুজ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে এসআই পলাশ গোলদারের জবানবন্দি রেকর্ড করা হয়। মেজর সুরুজ নরসিংদী ক্যাম্পের ইনচার্জ ছিলেন এবং এসআই পলাশ শহরের পুরাতন কোর্টস্থ র্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশনাল স্পেশাল কোম্পানিতে কর্মরত ছিলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, র্যাবের দুইজন সদস্য সাত খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। দুইজন আদালতে সাক্ষীর জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্য দেয়া র্যাবের ২ সদস্য আদালতকে জানান, অপহরণ থেকে শুরু করে সাতজনকে অজ্ঞান করে গাড়িতে করে বিভিন্ন স্থানে নেয়া, সাতজনকে হত্যার পর কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর তীরে ইঞ্জিন চালিত ট্রলারে ওঠানোর পর প্রত্যেকের লাশের সঙ্গে রশি দিয়ে বস্তাবন্দী ইট বাঁধা এবং মদনগঞ্জের চরধলেশ্বরী এলাকায় শীতলক্ষ্যা নদীতে নিয়ে ফেলে দেয়ার পুরো প্রক্রিয়ার সঙ্গে র্যাব-১১ এর দায়িত্বরতরাই জড়িত ছিল। তারা শুধু আদেশ পালন করেছেন।