ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠক বাতিল
অঞ্জন রায় চৌধুরি, নয়াদিল্লি
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ২৩:১৬
ভারত অপ্রত্যাশিতভাবে পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক বাতিল ঘোষণা করেছে। আগামী ২৫ আগস্ট ইসলামাবাদে এই আলোচনা হবার কথা ছিল। কিন্তু কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদি হুরিয়াত নেতাদের সঙ্গে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার আব্দুল বাসিতের সাক্ষাতকে কেন্দ্র করে এই আলোচনা বাতিল করা হয়। গত মে মাসে নরেন্দ্র মোদীর সরকার ভারতের ক্ষমতায় আসার পর পাকিস্তানের প্রতি এ ধরনের কঠোর বার্তা এই প্রথম।
এর আগেও পাকিস্তানি কূটনীতিকরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, ইফতার পার্টি এবং পাক-ভারত দ্বিপাক্ষিক সংলাপের আগে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদিদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। বর্তমান হাইকমিশনার আব্দুল বাসিতও একই পথে হাটলেন। এর প্রতিক্রিয়ায় ভারত দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করে। বাসিত তাদের সঙ্গে সাক্ষাতের আগে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং সতর্ক করে বলেছিলেন, পাকিস্তানকে ভারত কিংবা বিচ্ছিন্নতাবাদি এই দুটি পক্ষের মধ্যে একটিকে বেছে নিতে হবে। তারপরেও পাক হাই কমিশনার বিচ্ছিন্নতাবাদিদের সঙ্গে সাক্ষাত্ করায় ক্ষুব্ধ হয় মোদীর সরকার।
গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরুদ্দিন বলেন, বাসিতকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেয়া হয়েছিল তিনি যেন ভারতের আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ না করেন। তারপরেও তথাকথিত কাশ্মিরী বিচ্ছিন্নতাবাদি হুরিয়াত নেতাদের সঙ্গে সাক্ষাত্ করে তিনি কূটনৈতিক সম্পর্কের মর্যাদাহানি করলেন। অথচ নরেন্দ্র মোদী তার সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর পাকিস্তানের দিকে আগে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এমতাবস্থায় আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনা থেকে কিছুই অর্জন হবে বলে দিল্লি মনে করে না।
ফের যুদ্ধবিরতি লংঘন : এদিকে যুদ্ধবিরতি ভেঙে ফের ভারতীয় ভূখণ্ডে হামলা চালিয়েছে পাকিস্তান। জম্মু সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের বিশ নম্বর আউটপোস্ট বরাবর রবিবার রাতভর ধরে মর্টার হামলা চালায় পাকিস্তানি সেনারা। গুলিতে এলাকায় স্থানীয় এক গ্রামবাসী জখম হয়েছেন। সীমান্তে মোতায়েন বিএসএফ জওয়ানরাও এক পর্যায়ে পাল্টা জবাব দেয়। এতে ভোররাত পর্যন্ত চলে দুই পক্ষের গুলি বিনিময়।