নেপালে ভূমিধস ও বন্যায়
১০১ জনের মৃত্যু
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৪, ২০:৩২
কয়েক দিনের প্রচণ্ড বৃষ্টিপাতের পর নেপালে বন্যা ও ভূমিধসে অন্তত ১০১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকারীরা আরো চারটি মৃতদেহ উদ্ধার করার পর দেশটিতে মৃতের সংখ্যা অন্তত ১০১ জনে এসে দাঁড়িয়েছে। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত আরো ১৩০ জন নিখোঁজ রয়েছেন। -বিডিনিউজ
ভূমিধস ও বন্যায় দেশটির গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। দুর্গত এলাকায় কলেরা মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা।
প্রচণ্ড বৃষ্টিপাতে হিমালয়ের তিব্বত ও নেপাল অংশে উত্পত্তি হওয়া নদীগুলো উপচে এবং প্রবল পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিভিন্ন স্থানে আটকেপড়া বিচ্ছিন্ন লোকজনের জন্য জরুরি সাহায্য পাঠাতে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। বৃষ্টিপাতের প্রবল অংশটি ইতোমধ্যে পার হয়েছে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা ধারণা করছেন।