মাদক গ্রহণের অভিযোগে
জ্যাকি চ্যানের ছেলে
গ্রেপ্তার
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৪, ২০:৩৩
মাদক নেয়ার অভিযোগে প্রখ্যাত হলিউড অভিনেতা জ্যাকি চ্যানের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাকে আটক করা হয় বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম।
এদিন জ্যাকির ছেলে অভিনেতা জায়সি চ্যান (৩১) ও তাইওয়ানের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা কাই কোকে (২৩) আটক করে বেইজিং পুলিশ। তাদের অফিসিয়াল মাইক্রোব্লগ থেকে এ তথ্য জানা যায়। পুলিশ জানিয়েছে, পরীক্ষায় তাদের দু’জনেরই পজেটিভ ধরা পড়েছে। এছাড়া চ্যানের বাড়িতে ১০০ গ্রামের বেশি মাদকদ্রব্য পেয়েছে পুলিশ। চীনে মাদকের বিরুদ্ধে যখন চিরুনি অভিযান চলছে ঠিক তখনই ধরা পড়লেন এ দুই তারকা। এদিকে এ অভিযানের ফাঁদে এ পর্যন্ত বেশ কয়েকজন সেলিব্রেটি ধরা পড়েছেন। এদিকে গত সপ্তাহে মাদক সেবনের অভিযোগ রয়েছে এমন সেলিব্রেটিদের নিয়োগ না দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন ব্যবস্থাপনা সংস্থার ৪২ জন শিল্পী। এ নিয়ে তারা পুলিশের সাথে একটি চুক্তিতেও স্বাক্ষর করেছেন।