তিনদিনে আইএসের
৯০টি স্থানে হামলা
চালায় মার্কিন বিমান
.......................... পেন্টাগন
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৪, ২০:৩৩
মার্কিন সামরিক বিমান গত সোমবার পর্যন্ত তিনদিনে ইরাকে আইএস (ইসলামিক স্টেট) জঙ্গিদের বিরুদ্ধে ৯০টি লক্ষ্যস্থলে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসসাধন করেছে বলে পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে। পেন্টাগন জানায়, ওই লক্ষ্যবস্তুগুলোতে তারা ৩৫ দফা বিমান হামলা চালায়। এতে তাদের মূল টার্গেট ছিল জঙ্গিদের আস্তানা গুঁড়িয়ে দেয়া। অনেকক্ষেত্রে তারা এ উদ্দেশ্য বাস্তবায়নে সফল হয়েছে। —খবর টাইমস অব ইন্ডিয়ার।
সোমবার পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি জানান, আগস্ট ৮ তারিখ থেকে শুরু হওয়া মার্কিন এ বিমান হামলা আইএস জঙ্গিদের গুরুত্বপূর্ণ অবস্থান লক্ষ্য করেই চালানো হয়। উত্তর ইরাকের মসুল বাঁধ নিয়ন্ত্রণে তারা জঙ্গিদের বিরুদ্ধে ড্রোন, যুদ্ধবিমান ও বোমারু বিমান ব্যবহার করেছে। ওইদিন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সবমিলিয়ে আমরা জঙ্গিদের ৯০টি স্থানে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসসাধন করতে পেরেছি। ইরাকি বাহিনী এখন মসুল বাঁধ তাদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। আমরা সামনে তাদের সঙ্গে আরো এলাকার নিয়ন্ত্রণভার নিতে কাজ চালিয়ে যাবো। এর আগে মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছিল, শুধু সোমবারে তারা জঙ্গিবিমান ও ড্রোনের মাধ্যমে ১৫ দফা বিমান হামলা চালিয়েছিল। সেসময়ে ইসলামিক স্টেট জঙ্গিদের নয়টি অবস্থান তারা গুঁড়িয়ে দিতে পেরেছিল। মুখপাত্র কিরবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলকে উদ্ধৃত করে বলেন, যুক্তরাষ্ট্র এ লক্ষ্য বাস্তবায়নে আরো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।