সংবাদ কণিকা

সেনা ছদ্মবেশে ব্যবসায়ীকে অপহরণ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সোমবার রাতে সেনা ছদ্মবেশে বন্দুকধারীরা এক ব্যবসায়ীকে অপহরণ করেছে। মঙ্গলবার কর্তৃপক্ষ এ খবর জানান। দেশটির সন্ত্রাসবিরোধী টাস্কফোর্সের কমান্ডার কর্নেল অ্যান্ড্রেলিনো কলিনা বলেন, ওইদিন রাতে সামরিক পোশাকে সজ্জিত হয়ে অজ্ঞাত বন্দুকধারীরা মিশেল পানেস (৩৬) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে। তিনি জানান, বন্দুকধারীরা মিশেল পানেসের স্বামীকেও অপহরণ করার চেষ্টা করেছিল। কিন্তু তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে তার স্বামী পালিয়ে যেতে সক্ষম হয়। কর্নেল কলিনা আরো বলেন, পানেস দম্পতি লাবুয়ানের প্রত্যন্ত এলাকায় একটি দোকান চালান। ঘটনার দিন তিন সশস্ত্র ব্যক্তি তাদের কাছে অবৈধ মাদক আছে বলে দোকানে তল্লাশি চালাতে থাকে। একসময়ে অস্ত্রধারীরা ওই নারীকে অপহরণ করে। কিন্তু তার স্বামী এ সময় দোকানে থাকলেও তিনি পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ জানায়, এ অপহরণের ঘটনায় এখনও পর্যন্ত কোন গ্রুপ দায়-দায়িত্ব স্বীকার করেনি। — সিনহুয়া ঘুমন্ত মানুষগুলোর ওপর দিয়ে গেল গাড়ি ভারতের রাজধানী নয়া দিল্লির একটি সড়কের বিভাজকের উপর ঘুমন্ত ১৩ জনের উপর দিয়ে গাড়ি চালিয়ে নেয়ায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতের এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় গ্রেপ্তার রিশি কুমার (৩০) একজন আবাসন ব্যবসায়ী। তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে ধারণা পুলিশের। দুর্ঘটনার সময় গাড়িতে তার সঙ্গে এক নারী আত্মীয় ছিলেন বলে পুলিশ জানিয়েছে। লাইবেরিয়ায় ১৭ জন লাইবেরিয়ার রাজধানীর একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনার পর সন্দেহযুক্ত ১৭ জন ইবোলা রোগী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। -বিবিসি এর আগে এই নিখোঁজের বিষয়টি অস্বীকার করেছিল সে দেশের সরকার। তারা জানিয়েছিল, রোগীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। আফ্রিকার দেশগুলোতে ইবোলা ভাইরাসে এ পর্যন্ত মারা গিয়েছে ১১,৪৫ জন। এ ভাইরাস গিনি থেকে লাইবেরিয়া, সিয়েরালিওন ও নাইজেরিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এদিকে উপদ্রুত দেশগুলো থেকে আগত লোকজনকে আশ্রয় না দেয়ার আহ্বান জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও।