অ্যাম্বুলেন্সে বসে পরীক্ষা

নবজাতক শিশু দাদীর কোলে। আর কলেজ মাঠে অ্যাম্বুলেন্সে বসে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন মা জান্নাতুল মাওয়া। তিনি পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী। কলেজ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে জান্নাতুলের প্রসব বেদনা উঠলে তাকে দ্রুত পঞ্চগড় শহরের নিউ লাইফ ক্লিনিকে ভর্তি করা হয়। রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন। সোমবার সকালে সদ্যজাত পুত্র সন্তানকে নিয়ে জান্নাতুল হাজির হন পরীক্ষা কেন্দ্রে। কেন্দ্র সচিবের অনুমতি নিয়ে তাকে অ্যাম্বুল্যান্সে বসে পরীক্ষা দেয়ার অনুমতি দেয়া হয়। দুই বছর আগে বোদা উপজেলার সাকোয়া এলাকার গোলাম মোস্তাফার সাথে জান্নাতুলের বিয়ে হয়। সোমবার পরীক্ষার সময় তার তত্ত্বাবধান করেন ওই কলেজের প্রভাষক হাসানুর রশীদ। এ সময় নবজাতক শিশুটি কেন্দ্রের বাইরে তার দাদীর কোলে ঘুুমাচ্ছিল।