উইন্ডিজের গিবসন ধাক্কা

মাঠে নামার আগেই একটা ধাক্কা হজম করতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে। বোর্ডের সঙ্গে মতবিরোধের জের ধরে তাদের প্রধান কোচ ওটিস গিবসন চাকরি ছেড়ে দিয়েছেন বা দেবেন বলে গুঞ্জন স্থানীয় বেশ কিছু সংবাদ মাধ্যমে। এর মধ্যে ত্রিনিদাদ এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি খেলার জন্য গ্রেনাডায় আসা ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে আসেননি গিবসন। এ প্রসঙ্গে বোর্ডের সভাপতি ডেভ ক্যামেরন বলেছেন, তারা পরিস্থিতি সমাধানের চেষ্টা করছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) সঙ্গে গত চার বছরেরও বেশি সময় ধরে বিস্ময়করভাবে সুসম্পর্ক ধরে রেখেছিলেন গিবসন। কার্যত ২০১০ সালে নিয়োগ পাওয়া গিবসন এই সময়কালের সবচেয়ে ‘টেকসই’ জাতীয় দলের কোচ ছিলেন। প্রধান কারণ ছিল, ওয়েস্ট ইন্ডিজকে এই যুগের একমাত্র বৈশ্বিক ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো। কিন্তু সেই সম্পর্কে একটা চিড় ধরেছে। গত বছর দুয়েকে দলের পারফরম্যান্সে অধারাবাহিকতা ও অভ্যন্তরীণ কিছু ব্যাপার নিয়ে অসন্তুষ্ট গিবসন আর থাকতে চাইছেন না বলেই জানা গেছে। এরই বিস্ফোরণ হিসেবে তিনি গ্রেনাডায় আসেননি বলেই গুঞ্জন। এ ব্যাপারে ডব্লিউআইসিবি সভাপতি ক্যামেরন অবশ্য বলেছেন, ‘সে গ্রেনাডায় নেই, এটুকু বলতে পারি। (কেন আসেনি) সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা সম্ভব না।’ তবে সমস্যা যে একটা চলছে, এটা স্বীকার করেই ক্যামেরন বলেছেন, তারা আলোচনা চালাচ্ছেন। তারা আশাবাদী, সমস্যা সমাধান হয়ে যাবে। তবে ত্রিনিদাদ এক্সপ্রেস বলছে যে, তাদের খবর অনুযায়ী গিবসন আপাতত অন্তত ফিরছেন না। তার বদলে ওয়ানডে সিরিজে দায়িত্ব সামলাবেন সহকারী কোচ স্টুয়ার্ট উইলিয়ামস। আর তার সহকারী হিসেবে কাজ করবেন বোলিং বিশেষজ্ঞ হিসেবে দলের সঙ্গে যাওয়া কিংবদন্তী পেসার স্যার কার্টলি অ্যাম্ব্রোস।