চেলসিতে অভিষেকেই উজ্জ্বল কস্তা, ফ্যাব্রেগাস

অভিষেকেই গোল করে নিজেকে জানান দিলেন স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তা। গোল না পেলেও বার্নলের বিরুদ্ধে চেলসির ৩-১ ব্যবধানের জয়ে দুটিতে অবদান রেখে নৈপুণ্য দেখালেন আরেক নবাগত সেসক ফ্যাব্রেগাসও। তার এ নৈপুণ্যে প্রশংসায় মুখর হলেন খোদ কোচ হোসে মরিনহো। চেলসি যদিও গত সোমবার রাতের এ খেলাটিতে শুরুতে পিছিয়ে পড়েছিল। তারপরও জয় দিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করতে পারলো মরিনহোর দল। প্রিমিয়ার লিগে নবাগত বার্নলে নিজেদের মাঠ টার্ফ মুরে অনুষ্ঠিত খেলাটিতে ১৪ মিনিটে স্কট অ্যারফিল্ডের গোলে এগিয়ে গিয়েছিল। তবে তিন মিনিটের মধ্যেই দুর্দান্ত এক গোল করে খেলায় সমতা ফেরান তিন কোটি ২০ লাখ পাউন্ডে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আসা কস্তা। বিরতির আগে আন্দ্রে শুরলে এবং ব্রানিস্লাভ ইভানোভিচের গোলে প্রথমার্ধেই জয় নিশ্চিত করে হোসে শিরোপা প্রত্যাশী চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে গত মৌসুমটি শিরোপাহীন কাটান মরিনহো। দ্বিতীয়বারের মতো ক্লাবটির দায়িত্ব নেয়ার পর পর্তুগিজ কোচের এটাই ছিল একমাত্র ট্রফিহীন মৌসুম। এমনটা আর চান না মরিনহো এবং চেলসির মালিক রোমান আব্রামোভিচ। সে জন্যই কস্তার আগমনকে গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে এবং চেলসিও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে সিংহাসনচ্যুত করার অভিপ্রায় দেখিয়ে লিগের প্রথম রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান নিল। ইংলিশ প্রিমিয়ার লিগের বড় দলগুলোর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া শিরোপাধারী সিটি, গেলবারের রানার্স আপ লিভারপুল, আর্সেনাল এবং সর্বশেষ চেলসি জয়ী হলো। মরিনহো খেলা শেষে স্কাই স্পোর্টসকে বলেন, ‘আপনি যখন এমন একটি জায়গায় খেলতে এসে কঠিন একটি দলের সাথে এক গোলে পিছিয়ে পড়েন, সে রকম পরিস্থিতিতে খেলোয়াড়রা মনোবল ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারে। বার্নলে হলো আক্রমণাত্মক এবং শারীরিক শক্তি নির্ভর দল। তারপরও সার্বিক ভাবে খেলায় আমাদের ভাল নিয়ন্ত্রণ ছিল এবং দুর্দান্ত কিছু মুহূর্ত উপহার দিয়েছি আমরা।’ সাবেক বার্সেলোনা মিডফিল্ডার ফেব্রেগাস প্রথম খেলাতেই দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন। অভিষিক্ত খেলোয়াড়দের ব্যাপারে মরিনহো বলেন, ‘ফ্যাব্রেগাসের ম্যান অব দ্য ম্যাচ হওয়ার ব্যাপারে আমি সম্পূর্ণ একমত। সেই খেলার তাল নিয়ন্ত্রণ করেছে এবং তার কারণেই আমরা সেরা পর্যায়ের খেলাটা খেলতে পেরেছি। দিয়েগোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে আমাদের প্রথম গোলটি এনে দিয়েছে। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।’ প্রথমে গোল করে এগিয়ে গেলেও চেলসির দাপুটে ফুটবলের কাছে শেষ পর্যন্ত হারের বিষাদ নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের যারা ১৩ মিনিটে কর্ণার থেকে গোল করে এগিয়ে গিয়েছিল। অ্যারফিল্ড ২০ গজ দূর থেকে দুর্দান্ত ভলিতে পিটার চেকের পরিবর্তে চেলসির প্রথম গোলরক্ষক হিসেবে মাঠে নামা বেলজিয়ান থিবাট কোর্তোয়াকে পরাস্ত করেন। এর চেয়ে ভাল সূচনা হতে পারতো না স্বাগতিকদের জন্য। কিন্তু এ গোলটির পর পরই জেগে ওঠে চেলসি। সমতা ফেরান কস্তা। তার এই গোলই চেলসির জয়ের রাস্তা তৈরি করে দেয়। গোলের চার মিনিট পর ফেব্রেগাসের জোগান থেকে শুরলের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। বিরতির ১১ মিনিট আগে ফেব্রেগাসের কর্ণার থেকে অতিথিদের তৃতীয় গোলটি এনে দেন ইভানোভিচ। দ্বিতীয়ার্ধেও ইতিবাচক ফুটবল খেলেছে বার্নলে। এ সময় খেলায় ঘুরে দাঁড়ানোর সুযোগও পেয়েছিল তারা। কিন্তু অ্যারফিল্ডের একটি শট দক্ষতার সঙ্গে আটকে দেন চেলসি গোলরক্ষক কোর্তোয়া। সহজ এই জয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে চেলসি। এএফপি