খুনিদের গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না :স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাধীনতাবিরোধী, একাত্তর ও পঁচাত্তরের খুনি এবং তাদের দোসরদের দেশে কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না। উদার গণতন্ত্রের নামে তাদের অনেক ছাড় দেয়া হয়েছে। ফলে হারিয়েছি আমরা জাতির পিতাকে। ঘটেছে ২১ আগস্টের মতো নির্মম ঘটনা। তাই খুনিদের আর কোনো ছাড় দেয়া হবে না। তবে দেশের জনগণের গণতন্ত্র অবশ্যই থাকবে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের বিনামূল্যে চিকিত্সা সেবা দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ২১ আগস্ট বাংলাদেশ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গ্রেনেড হামলায় আহতদের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, খুব শিগগিরই গ্রেনেড হামলায় আহতদের তালিকা প্রণয়ন করে তাদের বিনামূল্যে চিকিত্সার ব্যবস্থা করা হবে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত ও জঙ্গি-তালেবানের মধ্যে কোনো পার্থক্য নেই। একাত্তরের পরাজিত শক্তি, পঁচাত্তরের ঘাতক, জাতীয় চার নেতার হত্যাকারী, বিএনপি, জামায়াত ও জঙ্গিবাদ মিলে আজ একাকার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, গ্রেনেড হামলায় আহত উম্মে রাজিয়া কাজল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ। এদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি হাসপাতাল অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসের অপর এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়াই বিএনপি’র মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে। তাই ওরা এখন মেরুদণ্ডহীন। আলোচনা সভার আগে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটিকে ১৫০ শর্যায় উন্নীতকরণ, টেলিমেডিসিন, অটোমেশন ও ডক্টরস ডরমেটরি উদ্বোধন করেন।