সম্ভাবনা বাস্তবায়নে দরকার জাতীয় ঐক্য

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে এগিয়ে যাবে ডিজিটাল বাংলাদেশ। এদেশ একদিন বিশ্বের দরবারে উন্নত দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, অনেক সম্ভাবনাই আজ বাস্তবায়িত হয়েছে, আর যে সকল সম্ভাবনা বাস্তবায়িত হয়নি, তা এগিয়ে নিতে প্রয়োজন জাতিগত ঐক্য এবং নতুন প্রজন্মের সচেতনতা। ছাত্ররাই এ সম্ভাবনাকে এগিয়ে নিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত্ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসের সেমিনার হলে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপ উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী। এ ছাড়া স্থাপত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মীর মোবাশ্বের আলী অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শোক দিবস পালন কমিটির আহবায়ক এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ-এর ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর সৈয়দ ফখরুল হাসান। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রিগে: জেনা. মোঃ আনোয়ারুল ইসলাম (অব:), সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্ট-এর চিফ কো-অর্ডিনেটর উইং কমান্ডার সৈয়দ আহমদ কবীর, এফএডব্লিউসি (অব:)। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যানবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয়।