বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাবনা ও সমস্যা দুইই রয়েছে
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৪, ২২:১৯
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা বলেছেন, দু’দেশের সম্পর্কের মধ্যে সমস্যা ও চ্যালেঞ্জ যেমন রয়েছে, তেমনি সম্ভাবনাও রয়েছে। সমস্যাগুলো জটিল বলে মনে হলেও তা সমাধানযোগ্য। দুই দেশকেই প্রতিটি ইস্যু ও সমস্যা নিয়ে কাজ করতে হবে। ইতিবাচক ও গঠনমূলক পথ অবলম্বন করলে কোন কিছুই অসম্ভব বা অসাধ্য নয়। গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) সোমবার এ সেমিনারের আয়োজন করে। বিস-এর চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমদের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিস-এর মহাপরিচালক মেজর জেনারেল এসএম শফিউদ্দিন আহমদ। ভারতের মওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক ড. শ্রী রাধা দত্ত, সাবেক রাষ্ট্রদূত শাহেদ আখতার, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, সিনিয়র সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা, গবেষক, লেখকসহ বিভিন্ন পেশার বিশেষজ্ঞরা অংশ নেন।
ড. শ্রী রাধা দত্ত বলেন, দু’দেশের সম্পর্কের মধ্যে বিদ্যমান বাধাগুলো অপসারণ সম্ভব। ইতিপূর্বে সমস্যা বা বাধাগুলো এড়িয়ে চলা হয়েছে। কখনো কখনো গুরুত্ব দেয়া হয়নি। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হলে দুই দেশের জনগণের কাছে সুফল পৌঁছে দেয়া সম্ভব। তিস্তা চুক্তি সই না হওয়া দুর্ভাগ্যজনক। এটি সই করতে নতুনভাবে কাজ শুরু করতে হবে।