২১ আগস্ট গ্রেনেড সরবরাহকারী তাজউদ্দিন দক্ষিণ আফ্রিকায়
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৪, ২২:৪৯
বহুল আলোচিত বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্ট হামলায় গ্রেনেড সরবরাহকারী ও মামলার পলাতক আসামি মাওলানা তাজউদ্দিনের অবস্থান সনাক্ত করেছে ইন্টারপোল। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন। গতকাল মঙ্গলবার তার অবস্থানের কথা জানিয়ে ইন্টারপোল থেকে পুলিশ সদর দফতর ইন্টারপোল শাখায় (এনসিবি) ই-মেইল পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ই-মেইল পাওয়ার পর তাকে ফেরত আনার ব্যাপারে উদ্যোগ নেয়ার কার্যক্রম শুরু করা হয়েছে।
বিএনপি নেতা ও সাবেক শিক্ষা উপ-মন্ত্রী গ্রেফতারকৃত আব্দুস সালাম পিন্টুর ছোট ভাই মাওলানা তাজউদ্দিন। আব্দুস সালাম পিন্টুও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি। তাজউদ্দিন নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের নেতা। ২০০৫ সালে তাজউদ্দিনের পরিচয় গোপন করে ভিন্ন নামে পাসপোর্ট করে তাকে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করে একটি গোয়েন্দা সংস্থা।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জনসভায় জঙ্গিরা ভয়াবহ গ্রেনেড হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। তত্কালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। আহত হন শতাধিক নেতাকর্মী।
পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন এজলাসে ঢাকার ১নং দ্রুত বিচার ট্রাইব্যুনালে ২১ আগস্ট গ্রেনেড হামলা-মামলার বিচার কাজ চলছে।