২০১৯ সালের আগে নির্বাচন নয়:তোফায়েল

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ১৫ আগস্টে যারা জন্মদিন পালন করে উল্লাস করে তাদের সঙ্গে কোন সংলাপ নয়। ২০১৯ সালের আগে দেশে কোন নির্বাচন হবে না। গতকাল মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত্বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি স্বাধীনতা বিরোধীদের বাঁচানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মিলাতে পারে তাদের সঙ্গে কোন সংলাপ হতে পারে না। খালেদা জিয়া জামায়াতের মতোই। তারা বিদেশি দাদাবাবুদের ডেকে আনলেও সংলাপ হবে না। ২০১৯ সালের আগে বাংলাদেশে নির্বাচনও হবে না।’ বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তিনি জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করেন। তার দলের নেতারা আবার এটাকে তাদের বিজয় দিবস হিসেবে উল্লেখ করে উল্লাস করেন। এটি মানবতা বিরোধী অপরাধ।’ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সরকার আলী আককাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভুঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং প্রাক্তন ছাত্রনেতা এসএম বাহালুল মজনুন চুন্নু প্রমুখ।