কবি শামসুর রাহমান স্মারক সম্মাননা
মোহাম্মদ আরজু ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০১৪, ১৯:২৮
ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে স্বাধীনতার কবি শামসুর রাহমানকে। কবি শামসুর রাহমানের প্রয়াণ দিবস উপলক্ষে গত রবিবার সকাল থেকে রাত পর্যন্ত তিতাস আবৃত্তি সংগঠন এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল ৫টি গ্রুপে শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা, সম্মাননা প্রদান, আবৃত্তি ও পুরস্কার বিতরণ। এ বছর জীবনভর বাংলা কবিতায় নিবেদিত থাকা ও অসামান্য অবদান রাখায় ত্রিপুরার গণমানুষের কবি দিলীপ দাসকে কবি শামসুর রাহমান স্মারক সম্মাননা প্রদান করা হয়। দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলালের উপস্থাপনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো.আবদুল মান্নান। বক্তব্য রাখেন পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজি মাহতাব সুমন, ত্রিপুরার আবৃত্তিশিল্পী শুভ্রজিত্ ভট্টাচার্য, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাহিত্য একাডেমি সভাপতি কবি জয়দুল হোসেন, উদীচী সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক সাংবাদিক মো. মনির হোসেন। আবৃত্তিশিল্পী কুমিল্লার কাজি মাহতাব সুমন, আগরতলার শুভ্রজিত্ ভট্টাচার্য, চট্টগ্রামের মোজাহিদুল ইসলাম, নাজমুল আলম সাদেকী সুমন, তাসকিয়াতুল নূর তানিয়া, সাইদুর রহমান, এহতেশামুল হক, সিলেটের কাসিব মুন্না একক আবৃত্তি ও তিতাস আবৃত্তি সংগঠনের ৩টি দল তিনটি সমবেত আবৃত্তি পরিবেশন করেন।