শেখ রাসেলকে নিয়ে টেলিছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে নির্মাণ করা হলো টেলিছবি ‘শেখ রাসেল এক ফুলকুঁড়ি’। ২৫ মিনিট ব্যাপ্তির এ টেলিছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্যচিত্র নির্মাতা ও বিটিভির উপ-মহাপরিচালক বাহার উদ্দিন খেলন। টেলিছবিটিতে শেখ রাসেলের চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী আরিয়ান। এছাড়া শেখ রাসেলকে দেখাশোনার দায়িত্বে থাকা আম্বিয়ার মা চরিত্রটিতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। ‘শেখ রাসেল এক ফুলকুঁড়ি’ প্রসঙ্গে নির্মাতা বাহার উদ্দিন খেলন বলেন, ‘খুব কাছ থেকে আমার দেখার সুযোগ হয়েছিলো শেখ রাসেলের খেলাধুলা আর শিশু বয়সের সেই দিনগুলো। রাসেলকে নিয়ে একটি ভিডিও ফিল্ম নির্মাণের স্বপ্ন আমার দীর্ঘদিনের। টেলিছবিটিতে চেষ্টা করেছি এ প্রজন্মের শিশুদের কাছে তুলে ধরতে শেখ রাসেলের বেড়ে ওঠা ও ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের সেই দুঃসহ স্মৃতিকথা।’ টেলিছবিটির চিত্রনাট্য রচনায় সহায়তা নেয়া হয়েছে শেখ হাসিনা ও শেখ রেহানা রচিত গ্রন্থ ‘শেখ রাসেল’ ও মিজানুর রহমান মিজানের ‘আমি রাসেল বলছি’ থেকে।