হিন্দি সিরিয়ালে নারীর ভিন্ন রূপ
প্রকাশ : ২০ আগস্ট ২০১৪, ১৯:৩২
হিন্দি টিভি সিরিয়ালের দর্শকদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। আর এ কারণে সিরিয়াল নির্মাতা নারীকেন্দ্রিক গল্পের দিকে বেশি জোর দিচ্ছেন আগে থেকেই। ফ্যামিলি ড্রামা, কিচেন পলিটিক্স, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, প্রেম-ভালোবাসা-ঈর্ষা, সন্দেহ, প্রতিশোধ, পরকীয়া, নষ্টামি ইত্যাদিকে উপজীব্য করে জমজমাট গল্প সাজানো হয় প্রতিটি হিন্দি টিভি সিরিয়ালে। এভাবেই চলছে গত প্রায় দুই দশক সময় ধরে। তবে আজকাল দর্শকদের রুচি পছন্দ চাহিদার কথা বিবেচনা করেই হিন্দি সিরিয়ালের গল্পে নানা বৈচিত্র্যের চমক আনা হচ্ছে। একঘেয়ে পুরোনো ট্র্যাকের বউ শাশুড়ি দ্বন্দ্ব-সংঘাতের গল্পের ছকের বাইরে নিত্য নতুন প্লট দিয়ে ইদানীংকার হিন্দি সিরিয়ালের গল্প বিন্যাস করা হচ্ছে। যা সব ক্ষেত্রে দর্শকদের আকৃষ্ট করতে না পারলেও অধিকাংশ ক্ষেত্রে সফলতা অর্জন করছে। আগে হিন্দি সিরিয়ালের নায়িকা চরিত্রগুলো যেভাবে তুলে ধরা হতো এখন তাতেও পরিবর্তনের ছোঁয়া লক্ষ করা যাচ্ছে। হিন্দি টিভি সিরিয়ালে নারীর বদলে যাওয়া রূপ এবং চরিত্র দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবেও বিবেচিত হচ্ছে। এ প্রসঙ্গে স্টার প্লাস চ্যানেলের সাম্প্রতিক কয়েকটি দর্শক নন্দিত টিভি সিরিয়ালের কথা বলা যায়। ‘এক হাসিনা থি’ সিরিয়ালের গল্পের মূলকেন্দ্রবিন্দুতে রয়েছে ছোটবেলার ধর্ষণের প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ এক তরুণী দুর্গা ঠাকুর। প্রভাবশালী ধনাঢ্য পরিবারের পুত্রটির জঘন্য অপরাধ ঢাকতে প্রশাসন, বিচার ব্যবস্থা, সাক্ষী সাবুদ সবই অর্থের জোরে নিজেদের পক্ষে নিয়ে যেতে সমর্থ হলেও ধর্ষিতার বড় বোন এর বিরুদ্ধে সোচ্চার হয়। প্রভাবশালী পরিবারটির রোষানলের শিকার হয়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় সে। একজন চিকিত্সক তাকে বাঁচিয়ে তোলেন। সবাই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে জানলেও প্লাস্টিক সার্জারির মাধ্যমে নতুন চেহারা ধারণ করে দুর্গা রানি ঠাকুর পরিচয়ে আবির্ভূত হয় সে। এমনি উত্তেজনাপূর্ণ কাহিনীর হিন্দি সিরিয়াল ‘এক হাসিনা থি’ এখন বিপুল সংখ্যক দর্শককে আবিষ্ট করে রেখেছে। জনপ্রিয় এই সিরিয়ালটি দেখতে নির্ধারিত সময়ে দর্শক টিভির সামনে বসে যাচ্ছেন। এই সিরিয়ালে দুর্গা ঠাকুর চরিত্রে দুর্দান্ত অভিনয়ের সুবাদে বর্তমানে ঘরে ঘরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন সুন্দরী অভিনেত্রী সানজিদা শেখ। তার চমত্কার অভিনয়গুণে সিরিয়ালটি বেশ জমে উঠেছে বলা যায়। একইভাবে সনি এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেলের ‘ম্যায় না ভুলোঙ্গি’ সিরিয়ালের কথা বলা যায়। শিখা গুপ্তা নামের সাদামাটা স্বভাবের তরুণীর জীবনের ঘাত-প্রতিঘাতের গল্প নিয়ে আবর্তিত সিরিয়ালটি এখন জনপ্রিয়তার দৌড়ে অনেকটা এগিয়ে আছে। বিয়ের পর স্বামী তাকে হত্যা করতে চাইলেও ভাগ্যক্রমে বেঁচে যায় শিখা। পরবর্তীতে নতুন রূপে নতুন সাজে ভিন্ন পরিচয়ে আত্মপ্রকাশ করে সে। হত্যা প্রচেষ্টাকারী স্বামীর কাছাকাছি এসে শিখা প্রতিশোধ নিতে নানা কৌশল অবলম্বন করে। অনেক দর্শক বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন ‘ম্যায় না ভুলোঙ্গি’ সিরিয়ালটি। এখানে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া সাখুজা। দর্শক এর আগেও ‘সাশ বিনা শ্বশুরাল’ সিরিয়ালে তাকে কেন্দ্রীয় চরিত্রে দেখেছেন। ‘ম্যায় না ভুলোঙ্গি’ সিরিয়ালে গতানুগতিক বউ-শাশুড়ির দ্বন্দ্ব-সংঘাতের গল্প না থাকায় অনেকটা স্বস্তি নিয়ে সিরিয়ালটি উপভোগ করছেন। স্টার প্লাস চ্যানেলের ‘দিয়া আউর বাতি হাম’ সিরিয়ালেও এক প্রত্যয়ী তরুণী গৃহবধূ সন্ধ্যার জীবনে নানা চ্যালেঞ্জ মোকাবেলা এবং অবশেষে জয়ী হওয়ার বিষয়গুলো চমত্কারভাবে তুলে ধরা হচ্ছে। বাবা-মায়ের আকস্মিক মৃত্যুর পর অনেকটা বাধ্য হয়ে সন্ধ্যার বিয়ে দেন তার বড় ভাই। গ্রামের অতি সাধারণ অর্ধশিক্ষিত মিষ্টি দোকানদার সুরুজের সঙ্গে সন্ধ্যার বিয়ে হয়। ছোটবেলা থেকে সন্ধ্যা পড়াশোনা শেষ করে উচ্চ পদস্থ পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে এলেও হঠাত্ সুরুজের সঙ্গে বিয়ে হয়ে যাওয়ায় তার সেই স্বপ্ন বাস্তবায়নের পথ রুদ্ধ হয়। কিন্তু তারপরেও সন্ধ্যা দমে যায় না। নিজের চেষ্টায় স্বামী সুরুজের একান্ত সহযোগিতায় পড়াশোনা শেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেয় সে। তেমনি উদ্দীপনামূলক গল্পে সিরিয়ালটি এখন অনেক তরুণীকে নতুনভাবে জীবন সাজাতে উত্সাহিত করছে। দর্শক ভীষণভাবে আলোড়িত সিরিয়ালটি দেখে। এখানে সন্ধ্যা চরিত্রে অভিনয় করছেন দীপিকা সিং। ‘দিয়া আউর বাতি হাম’ সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় তার অভিষেক হলেও এখন দীপিকাই হয়ে উঠেছেন সিরিয়ালটির প্রধান আকর্ষণ। একইভাবে সনি টিভি চ্যানেলের ‘এক নয়ি পেহচান’ সিরিয়ালটির কথা বলা যায়। বউ-শাশুড়ির বৈরি সম্পর্কের বদলে চমত্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে এখানে। বউ এবং শাশুড়ি পরস্পরের বিরুদ্ধে লেগে না থেকে সৌহাদ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে সংসারের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে সেটা তুলে ধরা হচ্ছে ‘এক নয়ি পেহচান’ সিরিয়ালে। এখানে শাশুড়ি এবং বউয়ের চরিত্রে অনবদ্য অভিনয় করছেন পুনম ধীলন ও ক্রিস্টাল ডি সুজা। পুনম ধীলন বলিউডে একটানা অনেকদিন নায়িকা চরিত্রে অভিনয়ের পর এবার টিভি পর্দায় ফিরে এসেছেন। এখানেও তিনি বাজিমাত করেছেন বলা চলে। একজন অশিক্ষিত গৃহবধূ পরিণত বয়সেও পুত্রবধূর অনুপ্রেরণা ও সহযোগিতায় নিজেকে শিক্ষিত করে নতুন পরিচয়ে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন কীভাবে সেটাই তুলে ধরা হচ্ছে ‘এক নয়ি পেহচান’ সিরিয়ালে।