নতুন চ্যালেঞ্জ মোকাবেলায়

আবার অনেকদিন পর সিনেমার পর্দায় হাজির হচ্ছেন রানি মুখার্জি। বিয়ের পর তার অভিনীত নতুন একটি ছবি ‘মার্দানি’ মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। নারী চরিত্র প্রধান এ ছবির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন রানি। দুর্ধর্ষ এক পুলিশ কর্মকর্তারূপে তাকে দেখা যাবে এ ছবিতে। গত কয়েক বছরে তার ক্যারিয়ারে যে ধস চলছে তা কাটিয়ে উঠতে পারছেন না একসময়ের বলিউডের শীর্ষ এই অভিনেত্রী। নতুন ছবিটির মাধ্যমে ক্যারিয়ারে হয়তো ভিন্ন গতির সঞ্চার হবে—তেমন প্রত্যাশায় রয়েছেন রানি। বিয়ের পর তার দাম্পত্য জীবনেও চলছে মধুর আবেশ। চোপড়া পরিবারের তেমন বউ হিসেবে নিজের অবস্থানকে পাকাপোক্ত করেছেন তিনি। এই সময়ের রানি মুখার্জির নানা বিষয় নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন রানি মুখার্জিকে সর্বশেষ দেখা গেছে ‘বোম্বে টকিজ’ ছবিতে গত বছরের মে মাসে। এরপর দেড় বছর পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে তার জীবনে ঘটে গেছে কিছু ঘটনা। বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। আদিত্যের সঙ্গে গত কয়েক বছরের প্রণয়ের পর পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন রানি। তাদের দু’জনের প্রেম ও সম্ভাব্য বিয়ে নিয়ে গত কয়েক বছর ধরে নানা গুজব-গুঞ্জন শোনা যাচ্ছিল। সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে রানি অবশেষে চোপড়া পরিবারের বউ হয়েছেন। আদিত্য চোপড়া তার আগের স্ত্রীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে রানির প্রেমে মজেছিলেন। যদিও এ নিয়ে অনেকদিন লুকোচুরি করেছেন তারা দু’জন। বিবাহিত পুরুষ আদিত্য চোপড়ার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়ার আগেও রানি আরেক বিবাহিত পুরুষ নায়ক গোবিন্দের সঙ্গেও তেমনি গভীর সম্পর্কে জড়িয়েছেন। তখন গোবিন্দের সঙ্গে তার বিয়ের গুজবও রটেছিল। এ ছাড়াও অভিষেক বচ্চনের সঙ্গেও তার হূদ্যতা গড়ে উঠেছিল। বচ্চন পরিবারের বউ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন বাঙালি কন্যা রানি। কিন্তু তাকে অনেকটা ছ্যাঁকা দিয়ে অভিষেক সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইকে বিয়ে করলে অনেকটাই দমে গিয়েছিলেন। তার অভিনয় জীবনের উল্লেখযোগ্য সংখ্যক হিট, সুপার হিট ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে পেশাগত সম্পর্কের বাইরে একান্ত ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে পড়ার ক্ষেত্রে রানির আগ্রহটাই ছিল বেশি। শোনা যায়, তার কারণেই আদিত্য চোপড়া প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিতে দ্বিধা করেননি। রানির প্রেমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন তিনি। সুদীর্ঘ বাইশ বছরের ফিল্মি ক্যারিয়ারে এক পর্যায়ে সাফল্যের তুঙ্গে পৌঁছলেও কখনও একটানা সাফল্যের ধারা বজায় রাখা সম্ভব হয়নি তার পক্ষে। ‘গুলাম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘চলতে চলতে’, ‘হাম তুম’, ‘বান্টি আউর বাবলি’, ‘সাথিয়া’, ‘বীরজারা’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আল বিদা না ক্যাহনা’, ‘ব্ল্যাক’, ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘তালাশ’ প্রভৃতি ছবিতে দর্শক তাকে একজন সুঅভিনেত্রী রূপে যেভাবে দেখেছেন পাশাপাশি একজন গ্ল্যামারাস নায়িকা হিসেবেও লক্ষ কোটি দর্শকের হূদয়ে তোলপাড় তুলেছেন তিনি সমানভাবে। ক্যারিয়ারে সাফল্যের ধারা সব সময়ে সমানভাবে বজায় না থাকলেও হিন্দি সিনেমার অন্যতম শীর্ষ জনপ্রিয় অভিনেত্রীরূপে বিবেচিত হয়েছেন তিনি একটানা অনেকদিন। তবে চার-পাঁচ বছর ধরে একটানা মন্দাভাব রানির ক্যারিয়ারে মারাত্মক ধস সৃষ্টি করেছে। এই সময়ের মধ্যে মুক্তিপ্রাপ্ত তার অভিনীত কোনো ছবিই বক্স অফিসে সাফল্য লাভ করতে পারেনি। রানি অভিনীত গত কয়েক বছরের ছবিগুলোর মধ্যে বেশির ভাগই তার প্রেমিক এবং বর্তমান স্বামী আদিত্য চোপড়ার প্রযোজনায় নির্মিত। এখন তার ক্যারিয়ার অনেকটাই যেন ইয়াশরাজ ফিল্মসের ছবিতে সীমাবদ্ধ হয়ে পড়েছে। কয়েক বছর আগে এই ব্যানারের উল্লেখযোগ্য সংখ্যক ছবিতে তাকে নায়িকারূপে দেখা গেলেও এখন তা অনেকটাই কমে এসেছে। এ সপ্তাহে রানি মুখার্জি অভিনীত যে ছবিটি মুক্তি পাচ্ছে সেটিও তার প্রযোজক স্বামী আদিত্য চোপড়ার নিজস্ব ব্যানারে। এ ছবিতে একজন দুর্ধর্ষ নারী পুলিশ কর্মকর্তা শিবানি শিবাজি রাওয়ের চরিত্রে অভিনয় করেছেন রানি। নারী পাচারকারী দলের বিরুদ্ধে তার মরণপণ লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে ‘মার্দানি’ ছবিতে। প্রদীপ সরকার পরিচালিত এ ছবিতে সিরিয়াস মনোভাব নিয়ে কাজ করেছেন। ৩৬-এ পা রাখা রানি এর আগে তেমন চরিত্রে আর কোনো সিনেমায় অভিনয় করেননি। এজন্য মুম্বাই পুলিশের অফিসে গিয়ে অনেকবার কথা বলেছেন সব স্তরের কর্মকর্তাদের সঙ্গে। তাদের কর্মকাণ্ড, অ্যাকশন সব কিছুই খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। ‘মার্দানি’ ছবিটি মূলত রানি মুখার্জিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। বলতে গেলে তিনিই এ ছবির নায়ক। এ ছবিতে তার স্বামীর ভূমিকায় টালিউড অভিনেতা যীশু রায় চৌধুরী অভিনয় করলেও এখানে তার তেমন ভূমিকা নেই। দর্শক ‘মার্দানি’ ছবিতে একজন দুর্ধর্ষ পুলিশ কর্মকর্তা শিবানি শিবাজির রাওয়ের বেপরোয়া অ্যাকশন দেখবেন। বলা যায়, নতুন এক রানিকে দর্শক আবিষ্কার করবেন এ ছবিতে। বিয়ের পর এমনিতেই নায়িকাদের বাজার পড়ে যায়। রানির ক্যারিয়ারে মন্দাভাব চলছে গত কয়েক বছর ধরেই। ‘মার্দানি’ ছবিটি তার ক্যারিয়রে নতুন করে চাঙ্গাভাব সৃষ্টি করবে বলে অনেকেই ধারণা করছেন। সিনেমার পর্দায় নায়কদের বীরত্ব, সাহসী কর্মকাণ্ড পৌরুষত্ব দেখতে অভ্যস্ত দর্শকদের জন্য অন্যরকম স্বাদ বয়ে আনছে রানি অভিনীত নতুন এ ছবিটি। আর এ ছবির মাধ্যমে রানির ক্যারিয়ারে নতুন মাত্রা যুক্ত হোক, প্রত্যাশা আমাদের। বিয়ের পর অভিনয়ের ইতি না ঘটিয়ে সংসার জীবনের পাশাপাশি আগের মতো বিভিন্ন ছবিতে মানানসই চ্যালেঞ্জিং রোলে অভিনয় করতে চান রানি। তার এই ইচ্ছার বাস্তবায়নের বিষয়টি নির্ভর করছে সাম্প্রতিক ছবি ‘মার্দানি’র সাফল্য ব্যর্থতার ওপর। দেখা যাক, এবার রানির ভাগ্যে কী রয়েছে। নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা সফল হন তিনি।