গল্প নয় সত্যি

এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ঘুম!

আবহাওয়া অনুকূল। নেই কোনো যান্ত্রিক ত্রুটিও। তবু গেল ৮ জুলাই রাতে চায়না ইস্টার্ন এয়ালাইন্সের একটি যাত্রীবাহী বিমানের পাইলটকে বিমান অবতরণ নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ভুগতে হয়েছিল। আর এর কারণ, যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার এই বিমানটিকে নিরাপদ অবতরণের ছাড়পত্র দেওয়ার কথা ছিল সেই কন্ট্রোলারই তখন যোগাযোগে সাড়া দেওয়ার পরিবর্তে দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছিলেন। এ অবস্থায় অনেকটা বাধ্য হয়েই বিমানটিকে অবতরণে কাছাকাছি এসে পুনরায় ৯০০ মিটার উঁচু দিয়ে প্রায় দশ মিনিট ধরে বিমানবন্দরের আকাশে ঘুরপাক খেতে হয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনাটি বেশ অনেকদিন আগের হলেও সম্প্রতি চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকাশ করা বেশ কিছু বিমান বার্তার সুবাদে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে বিমানটির পাইলটের ঐ যোগাযোগ থেকে দেখা যায়, পাইলট প্রথমে ইংরেজিতে দু’বার এবং এরপর চাইনিজে আরও একবার ট্রাফিক কন্ট্রোলারের কাছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বিষয়ে জানতে চান। তবে রাত ২টা থেকে ৩টার মধ্যবর্তী ঐ সময়ে চীনের উহান তিয়ানহে এয়ারপোর্টের দায়িত্বরত ট্রাফিক কন্ট্রোলারের কাছ থেকে কোনো সাড়াই মেলেনি। এ ছাড়া পরবর্তী সময়ে এক তদন্তে ট্রাফিক কন্ট্রোলারের ঘুমিয়ে থাকার প্রমাণও মেলে।