গ্রিন ইন্ডাস্ট্রি স্থাপনে স্বল্পসুদে মিলবে ২০ কোটি টাকার ঋণ

পরিবেশবান্ধব পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলে আরও তিন পণ্য বাংলাদেশ ব্যাংকের নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অর্থায়নযোগ্য খাতের পুনঃঅর্থায়ন তহবিলে নতুন আরো তিন পণ্য যুক্ত হয়েছে। এখন তহবিলের মোট পণ্য সংখ্যা দাঁড়ালো ৪৭-এ। নতুন যুক্ত হওয়া তিনটি পণ্য হলো: সবুজ শিল্প (গ্রিন ইন্ডাস্ট্রি) প্রতিষ্ঠা, সোলার পাম্পের মাধ্যমে ভূ-উপরিস্থ পানি উত্তোলন ও সরবরাহ প্রকল্প এবং কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা। বুধবার বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, সবুজ শিল্প স্থাপনে নয় শতাংশ সুদহারে ২০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এ শিল্পে প্রাকৃতিক আলো, বাতাস, পানি ও জ্বালানি সাশ্রয়ী বা দক্ষ প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি শ্রমিকদের কর্মপরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে হয়। নয় মাসের গ্রেস পিরিয়ডে ছয় বছরের মধ্যে ঋণের সুদাসল পরিশোধ করতে হয়। আর সোলার পাম্পের মাধ্যমে ভূ-উপরিস্থ পানি উত্তোলন করে তা পরিশোধন ও সরবরাহ প্রকল্পের ঋণসীমা তিন কোটি টাকা। এছাড়া বস্ত্র ও পোশাক শিল্প কারখানায় শ্রমিকদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতকরণ খাতে ঋণসীমা এক কোটি টাকা পর্যন্ত। প্রসঙ্গত, পরিবেশবান্ধব খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের দু’শ’ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংক রেটে (৫ শতাংশ সুদে) পুনঃঅর্থায়ন নিয়ে ব্যাংকগুলো প্রকল্প ভেদে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৯ থেকে ১১ শতাংশে ঋণ বিতরণ করতে পারবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরজেএসসি থেকে নিবন্ধিত একক বা যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রিন ইন্ডাস্ট্রি স্থাপন ও সোলার পাম্প স্থাপনের ক্ষেত্রে আবেদন করতে পারবে। অন্যদিকে কারখানার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতকরণ খাতে বিজিএমইএ, বিকেএমএইএ ও বিটিএমএ সদস্যভুক্ত তৈরি পোশাক শিল্প, নিটওয়্যার ও টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠান যাদের নিজস্ব কারখানা রয়েছে তাদেরকে কারখানা নিরাপদ কর্মপরিবেশ তথা অগ্নিনির্বাপক সামগ্রী, অগ্নি প্রতিরক্ষামূলক সামগ্রী, ছাদ ও ভূগর্তে প্রয়োজনীয় সংখ্যক পাম্পসহ পানি সংরক্ষণাগার নির্মাণসহ সংস্কার কাজের জন্য পুনঃঅর্থায়ন সুবিধা দেয়া হবে।