সোনাক্ষির সাথে কাজ করতে চাই না :সালমান
প্রকাশ : ২০ আগস্ট ২০১৪, ২০:৩০
সালমান খান-সোনাক্ষি সিনহার জুটি মানেই বক্স অফিসে ঝড়। ‘দাবাং’ এবং ‘দাবাং টু’ ছবি দুটিতে তাদের সাফল্য দেখেই পরিচালক সরজ বারজাট্য চাইছিলেন তার পরবর্তী ছবিতে আবারও তাদের একত্র করতে। কিন্তু বাঁধ সাধলেন সালমান খান। সাফ জানিয়ে দিয়েছেন কাজ করতে চাচ্ছেন না সোনাক্ষির সাথে!
‘প্রেম রতন ধন পাও’ ছবিতে সালমানের বিপরীতে সোনাক্ষিকেই চেয়েছিলেন সরজ বারজাট্য। আর সাতটি শ’কোটির ছবি উপহার দেওয়া সালমানের বৃহস্পতিও এখন তুঙ্গে। দুইয়ে দুইয়ে যোগফল চারই দেখছিলেন পরিচালক। কিন্তু সাফল্যের পথে একচুল জায়গাও ছাড় দিতে না চাওয়া বলিউড তারকা সালমান খান স্পষ্ট জানালেন যে সোনাক্ষির সাথে এখন কোনো কাজ নয়। পর্দায় এই জুটিকে বারবার দেখে দর্শক মুখ ফিরিয়ে নেয় কিনা এই আশংকাতেই সালমান চাইছেন নতুন কোনো জুটি বলিউডকে দেখাতে।
ইতোমধ্যে সোনাক্ষির স্থানে সোনাম কাপুরকে চুক্তিবদ্ধ করা হয়েছে। সোনমের সাথে সালমানের নতুন জুটি নিয়ে ইন্ডাস্ট্রিতেও বেশ কিছু খবরের জন্ম দিয়েছে। কিন্তু দর্শকেরা আরও একটি সালমান-সোনাক্ষি জুটির ছবি থেকে বঞ্চিত হলো।
‘প্রেম রতন ধন পাও’ ছবিতে সালমান, সোনম ছাড়াও অভিনয় করেছেন আরমান কোহলি, স্বরা ভাস্কর, দীপক দবরিয়াল প্রমুখ।