লাইবেরিয়ায় রাত্রিকালীন কারফিউ জারি
প্রকাশ : ২০ আগস্ট ২০১৪, ২১:০১
ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে লাইবেরিয়ায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে দেশটির সরকার। এছাড়া দেশটির পক্ষ থেকে রাজধানী মনরোভিয়ার একটি এলাকাকে আলাদা করে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইলেন জনসন সারলিফ স্থানীয় সময় ২১:০০ থেকে ০৬:০০টা পর্যন্ত কারফিউ জারি করেন। তিনি বলেন, পশ্চিম প্রান্ত থেকে দেশের ভিতরে অনুপ্রবেশ ও বাইরে বের হওয়ার ক্ষেত্রে মানুষের চলাচলে বাধা প্রদান করা হবে। এদিকে এক পরীক্ষামূলক ওষুধ সেবন করে ইবোলা আক্রান্ত তিন চিকিত্সকের শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে জানান দেশটির তথ্যমন্ত্রী লুইস ব্রাউন। তিনি আরো বলেন, ওষুধটি একজন নাইজেরীয় ও দু’জন লাইবেরিয়ান চিকিত্সকের ওপর প্রয়োগ করা হয়েছে। এ ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিত্সা করতে গিয়ে তারা আক্রান্ত হয়েছিল। ওদিকে রেডিওতে সম্প্রচারিত এক ভাষণে ইবোলা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় তার সরকারকে দায়ী করেছেন প্রেসিডেন্ট সারলিফ। আর এজন্য জনগণকে স্বাস্থ্যকর্মীদের পরামর্শ না শোনা এবং সরকারের সতর্ক বার্তাকে অগ্রাহ্য করাকেই এ ব্যর্থতার কারণ বলে উল্লেখ করেন সারলিফ। এছাড়া এ মাসের শুরুর দিকে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হলেও এ রোগে মৃতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। তাছাড়া গত শনিবার স্বাস্থ্যকেন্দ্রে বেশকিছু জনগণের হামলার কারণে ১৭ জন ইবোলা রোগী নিখোঁজ হয়েছেন। এ বছরের শুরু থেকে এ পর্যন্ত এ রোগে আক্রান্ত মৃতের সংখ্যা ১,২২৯ জনে এসে দাঁড়িয়েছে।