আঠারো বছর আগে নিখোঁজ ভারতীয় সেনার লাশ উদ্ধার
প্রকাশ : ২০ আগস্ট ২০১৪, ২১:০১
ভারতের উত্তরাঞ্চলের সিয়াচেন হিমবাহে ১৮ বছর আগে নিখোঁজ এক সেনার লাশ খুঁজে পাওয়া গেছে। গত রবিবার উত্তরাঞ্চলের হিমবাহ এলাকায় খান্দা ও দলমা নিরাপত্তা চৌকীর মধ্যে টহল দেয়ার সময় সেনা সদস্যরা নিখোঁজ ওই সেনার লাশ খুঁজে পান। তার লাশ ‘অত্যন্ত সুরক্ষিত অবস্থায়’ ছিল এবং আংশিক বরফের নিচে ঢাকা ছিল। তার পকেটে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে তার ব্যাটালিয়নের কমান্ডিং কর্মকর্তার ঠিকানা লেখা ছিল। ওই সেনার নাম গায়া প্রসাদ। তিনি সেনাবাহিনীর হাবিলদার এবং ১৫ রাজপূত ব্যাটালিয়নের কর্মরত ছিলেন।
গায়া প্রসাদের মরদেহ একটি হেলিকপ্টারে করে হিমবাহ থেকে নিচে নামানো হয়। তার লাশ এখন লেহ সামরিক হাসপাতালে রাখা হয়েছে। সেখান থেকে তার মরদেহ উত্তর প্রদেশের মনিপুরি জেলায় কুরারিয়া গ্রামের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে তার অশীতিপর পিতা গাজাধর সিং, স্ত্রী রমা দেবী, পুত্র সতীরা, মেয়ে সিনা ও মঞ্জু এবং পরিবারের অন্যান্য সদস্যের সামনে পূর্ণ সামরিক মর্যাদায় শেষ কৃত্যানুষ্ঠান হবে।
ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে গতকাল বুধবার বলা হয়, হাবিলদার গায়া প্রসাদ ১৮ বছর আগে সিয়াবেন হিমবাহে সামরিক বিমান থেকে ফেলা প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের সময় নিখোঁজ হন। সিয়াচেন হিমবাহ বিশ্বে সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত। আটত্রিশ বছর বয়সী গায়া প্রসাদকে কয়েকদিন খুঁজে না পাওয়ার পর ধারনা করা হয়েছিল, তিনি হিমবাহের ফাটলে পড়ে গিয়ে মারা গেছেন। - বাসস