প্যারাসিটামল সেবনে কি ব্যথা কমে

অনেকে প্যারাসিটামলকে ব্যথা নাশক বা পেইন কিলার হিসাবে ব্যবহার করেন। কিন্তু সম্প্রতি এক গবেষণায় বিশেষজ্ঞগণ বলেছেন, ব্যথা নাশক হিসাবে প্যারাসিটামল কার্যকর নয়, বিশেষ করে ব্যাক পেইনের ক্ষেত্রে। আর বিশেষজ্ঞদের এই নতুন গবেষণা তথ্য বিশ্বব্যাপী চিকিত্সকদের বেশ হতাশ করবে এমনটি মনে করছেন গবেষকগণ। বিশেষ করে যারা ব্যাক পেইনে প্যারাসিটামল সেবনের পরামর্শ দিয়ে থাকেন। তাই গবেষকদের এই নতুন তথ্য নানা প্রশ্নের জন্ম দিয়েছে। উঠছে নানা কথাও। এ ব্যাপারে পেইন স্পেশালিস্ট মাইকেল ভেগ গবেষণার এ তথ্য সম্পর্কে ভিন্নমত পোষণ করে বলেছেন, শুধুমাত্র ব্যাক পেইন নিয়ে প্যারাসিটামলের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করা হলেও অনেক প্রমাণ রয়েছে যেখানে প্যারাসিটামল সত্যিই সত্যিই কার্যকর যেমন: দাঁতের ব্যথা, মাথা ব্যথা, সার্জারির পর ব্যথা, শরীর ব্যথা ইত্যাদি। এদিকে গবেষকগণ বলছেন, শত বর্ষ ধরে প্যারাসিটামল নামক এই ওষুধ ব্যথানাশক হিসাবে স্বীকৃত। তবে ড: ভেগ-এর মতে ব্যথা নাশক হিসাবে প্যারাসিটামল বেশ কার্যকর আবার অনেক ক্ষেত্রে আইব্রুফেন বেশি কার্যকর। তাই চিকিত্সককে নির্ধারণ করতে হবে কোন ওষুধটি কোন ক্ষেত্রে তিনি ব্যবস্থাপত্রে দেবেন। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ