‘শোক দিবসে জন্মদিন পালনে খালেদা জিয়ার ভুল ভাঙ্গবে অচিরেই’

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শেখ মুজিবকে জাতির পিতার স্বীকৃতি না দিতে পেরে এরশাদ এখনো প্রায়শ্চিত্ত করছেন। তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল এটি। তিনি অকপটে তা স্বীকার করেছেন। সেদিন বেশি দূরে নয়, যেদিন খালেদা জিয়া বলবেন, জাতির পিতার মৃত্যু দিনে সাজানো জন্মদিন পালন করা তার জীবনের সবচেয়ে বড় অপরাধ ছিল। চাটুকারদের কারণে তিনি এটি করতে বাধ্য হয়েছিলেন, তাও স্বীকার করবেন। বুধবার রাজধানীর বেইলী রোডে জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে ২১ আগস্টের বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান শহীদ আইভি রহমানের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এডভোকেট এর সভাপতিত্বে দোয়া মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন আইভি রহমানের বড় মেয়ে বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা তানিয়া বখ্ত।