কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপনে আগ্রহী অস্ট্রেলিয়া

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের মত বিনিময় অস্ট্রেলিয়া বাংলাদেশে কয়লা ভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার গ্রিগ উইলকক বাণিজ্যমন্ত্রীর সাথে তার অফিসে মতবিনিময়কালে এ আগ্রহের কথা জানান। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। তারা বাংলাদেশকে ডিউটি ও কোটা ফ্রি প্রবেশাধিকার দিয়েছে। ফলে সেখানে বাংলাদেশের রপ্তানি বাড়বে। তিনি বলেন, অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, সিরামিক, জুট ব্যাগ, টেবিল ওয়্যার, চামড়াজাত পণ্য ইত্যাদি রপ্তানির সুযোগ রয়েছে। আগামীতে সেখানে রপ্তানি অনেক বৃদ্ধি পাবে। উল্লেখ্য, গত ২০১৩-২০১৪ অর্থবছরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বাজারে ৪৭৯ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ ৫৯২ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। বাণিজ্যমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে এবং আরো সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। আগামী অল্পদিনের মধ্যে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন বলেও মন্ত্রী জানান।