উইন্ডিজের নতুন কোচ রিচার্ডসন
প্রকাশ : ২০ আগস্ট ২০১৪, ২২:১৬
পরিস্থিতি যেন সেই ২০০৯ সালের মতোই। সেবারও বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে টলটল করে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট; এবারও খানিকটা তাই। এবার আর খেলোয়াড়রা নন, এবার বোর্ডের সঙ্গে সিরিজ শুরুর একদিন আগে সম্পর্ক ছিন্ন করলেন দলের দীর্ঘদিনের কোচ ওটিস গিবসন।
আগের দিনই এই গুঞ্জনটা শোনা গিয়েছিল। গতকাল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলো, দলের সঙ্গে আর নেই এই সাবেক জাতীয় দল তারকা। তার বদলে এই সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ চালাবেন সাবেক অধিনায়ক ও বর্তমান ম্যানেজার স্যার রিচি রিচার্ডসন।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) সঙ্গে গত চার বছরেরও বেশি সময় ধরে বিস্ময়করভাবে সুসম্পর্ক ধরে রেখেছিলেন গিবসন। কার্যত ২০১০ সালে নিয়োগ পাওয়া গিবসন এই সময়কালের সবচেয়ে ‘টেকসই’ জাতীয় দলের কোচ ছিলেন। প্রধান কারণ ছিল, ওয়েস্ট ইন্ডিজকে এই যুগের একমাত্র বৈশ্বিক ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো।
কিন্তু সেই সম্পর্কে একটা চিড় ধরেছে। বিশেষ করে টেকনিক্যাল পরিচালক হিসেবে রিচার্ড পাইবাস নিয়োগ পাওয়ার পর থেকে এই সমস্যা শুরু বলে অনুমান করছে সংবাদ মাধ্যম। তবে ডব্লুআইসিবি বলেছে, তারা গিবসনের সঙ্গে অত্যন্ত সম্মানজনকভাবেই এই অধ্যায় শেষ করেছেন।
ডব্লুআইসিবির প্রধান নির্বাহী মাইকেল মুইরহেড বলেছেন, ‘বোর্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের পক্ষ থেকে আমরা ওটিসের প্রতি তার কাজের জন্য কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে তিনি আমাদের যেভাবে ২০১২ সালের আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি জিতে এনে দিয়েছেন, সেটা অসামান্য ব্যাপার ছিল। তার ভবিষ্যতের জন্য আমাদের অসীম শুভকামনা রইল।’
গিবসন খেলোয়াড়ী জীবনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন। ইংল্যান্ডের বোলিং কোচের পদ ছেড়ে ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নেয়ার পর থেকে দলকে ৩৬টি টেস্টে ৯টি জয় এনে দিয়েছেন দলকে; ছিল ১৬টি পরাজয় ও ১১টি ড্র।
গিবসনের বদলে দলের দায়িত্ব নেয়া রিচার্ডসন নিজে ক্যারিবীয় দলের শেষ সোনালী প্রজন্মের নেতৃত্ব দিয়েছেন। তার সঙ্গে দলের বাকি সহকারীরা আগের পদেই থাকছেন বলে জানিয়েছে ডব্লুআইসিবি।