রিয়ালে মেয়াদ বাড়ালেন মড্রিচ
প্রকাশ : ২০ আগস্ট ২০১৪, ২২:১৭
ক্রোয়েশীয় মিডফিল্ডার লুকা মড্রিচ রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। সর্বশেষ বুধবার করা এ চুক্তির ফলে স্প্যানিশ জায়ান্টদের হয়ে ২০১৮ সাল পর্যন্ত খেলবেন তিনি।
জাতীয় দলের হয়ে ৭৮টি ম্যাচে অংশ নেয়া ২৮ বছর বয়সী এই ক্রোয়েশীয় তারকা ২০১২ সালে পাঁচ বছরের চুক্তিতে রিয়ালে যোগ দিয়েছিলেন। ক্লাবটির হয়ে গত দুই মৌসুমে ১০৬ ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ছয়টি।
টটেনহ্যাম হটস্পারের সাবেক এই প্লে মেকার রিয়াল মাদ্রিদের হয়ে ২০১২ সালের স্প্যানিশ সুপার কাপ, কোপা ডেল রে এবং গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী দলের সদস্য। গত সপ্তাহে রিয়ালের হয়ে আরো এক দফা সুপার কাপের শিরোপা লাভ করেছেন তিনি।