বরিশালে সাংবাদিককে হত্যা চেষ্টার ঘটনায় মামলা

জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের বরিশাল ব্যুরো চীফ পুলক চ্যাটার্জীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাতে গুরুতর আহত সাংবাদিক পুলক চ্যাটার্জী বাদী হয়ে অজ্ঞাত তিন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। হামলাকারী সন্দেহে গ্রেফতারকৃত সুবল মুখার্জীকে গতকাল বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। সোমবার রাতে পুলকের বাসার সামনে তাকে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এদিকে পুলক চ্যার্টাজীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আজ বৃহস্পতিবার বরিশালে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। বরিশাল প্রেসক্লাবের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই দাবিতে গতকাল সাংবাদিকরা নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন।