সবাই নিজেদের দায়িত্ব পালন করলেই বঙ্গবন্ধুর কষ্ট সার্থক হবে

জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আমাদের কর্মের মধ্যেই বঙ্গবন্ধু বারবার ফিরে আসবেন। আমরা সবাই যদি নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলেই বঙ্গবন্ধুর কষ্ট, লড়াই-সংগ্রাম সার্থক হবে, তার আত্মা শান্তি পাবে। একইসঙ্গে যে আকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল, সেটিও বাস্তবায়ন হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে আয়োজিত কোরআনখানি, স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বঙ্গবন্ধু তার দায়িত্ব পালন করে গেছেন। এখন আমরা সবাই যেন সবার দায়িত্বটা ঠিকভাবে পালন করি, সেটিই প্রয়োজন। বনশিল্প উন্নয়ন করপোরেশনের কর্মকর্তা-কর্মকারীদের উদ্দেশে মন্ত্রী বলেন- ব্যক্তি, সামাজিক কিংবা কর্মজীবনে প্রথমেই দরকার শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে চলা, এছাড়া সফলতা অর্জন হয় না বলে জ্ঞানী-গুণীরাও বলেছেন। আপনাদের এই প্রতিষ্ঠান যেন সঠিকভাবে, গৌরবের সঙ্গে চলে, সবাইকে সেই চেষ্টা করতে হবে। অন্যথায় শুধু শ্লোগান দিয়ে কোনো কাজ হবে না। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের পক্ষ থেকে দাবি জানিয়ে বলা হয়, বনশিল্প উন্নয়ন করপোরেশনে বহুদিন ধরে অনেকে অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন, তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর দরকার। এছাড়া শূন্যপদ পূরণেরও দাবি জানান তারা। জবাবে মন্ত্রী বলেন, এই কাজগুলো প্রশাসনিক নিয়ম-কানুনে হয়ে থাকে। রাজনীতিকদের সেখানে খুব একটা করণীয় নেই। কোথাও ব্যত্যয় ঘটলে রাজনীতিকদের বিরুদ্ধেই দুর্নীতি-অনিয়মের অভিযোগ ওঠে, জেল-জুলুমও সহ্য করতে হয় তাদেরই, এটি হয়তো রাজনীতিকদের কপালের দোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ ও বন উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্র থেমে নেই। বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র এখনো চলছে। সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের মধ্য দিয়ে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করা হবে। আরেক বিশেষ অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান শরাফউদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব ও দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। তার কারণেই আমরা একটা দেশ, একটি পতাকা, একটি জাতীয় সঙ্গীত, সর্বোপরি আত্মপরিচয় পেয়েছি। এটিএম ফজলুল হকের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মণ্টু ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।