মেডিক্যালে ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর

দেশের সব সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোতে নতুন শিক্ষা বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ২৪ অক্টোবর পরীক্ষা নেয়া হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার এই তারিখ নির্ধারণ করা হয়। এবার সারা দেশে ২২টি কেন্দ্রে এই পরীক্ষা নেয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মেডিক্যাল এডুকেশন) এ বি এম আবদুল হান্নান। প্রসঙ্গত, বর্তমান পদ্ধতি অনুযায়ী এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকলে মেডিক্যালে ভর্তির আবেদন করা যাবে। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পাবেন। স্বাস্থ্য অধিদপ্তর আগেই জানিয়েছিল, ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পাস নম্বর ২০ থেকে বাড়িয়ে ৪০ করা হয়েছে। এ বছর থেকেই এ নিয়ম কার্যকর হবে। বাংলাদেশের সবগুলো মেডিক্যাল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে। এর মধ্যে ২২টি সরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিক্যালে ৪ হাজার ২৪৫ শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। এছাড়া ৯টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে।