ইনকিলাবের বার্তা সম্পাদক ও র্যাবের সাবেক মেজর রিমান্ডে
প্রকাশ : ২০ আগস্ট ২০১৪, ২৩:২৩
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মঙ্গলবার রাজধানীতে দু’টি মামলা হয়েছে। একটি ইনকিলাবের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে ওয়ারী থানায়। এই মামলার বাদী পুলিশ সদর দফতরের এআইজি (রিসার্স এন্ড প্লানিং) প্রলয় কুমার জোয়ার্দার এবং অন্যটি র্যাবের সাবেক মেজর মো. শামসুজ্জোহার বিরুদ্ধে কাফরুল থানায়। এই মামলার বাদী কাফরুল থানার এসআই ইব্রাহিম খলিল। দু’টি মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি ও শামসুজ্জোহাকে গতকাল বুধবার আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চেয়েছিল পুলিশ। আদালত তাদের দু’জনকেই পৃথকভাবে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
জানা গেছে, দৈনিক ইনকিলাব পত্রিকায় ও অনলাইন সংস্করণে গত সোমবার ‘প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে একচ্ছত্র আধিপত্য এক পুলিশ কর্মকর্তার’ শীর্ষ সংবাদ প্রকাশিত হয়। ঐ সংবাদের প্রেক্ষিতে প্রলয় কুমার জোয়ার্দার ওয়ারী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গত মঙ্গলবার সন্ধ্যায় মামলা দায়ের করেন। ঐ মামলায় ইনকিলাবের সম্পাদক, বার্তা সম্পাদক, নগর সম্পাদক, চিফ রিপোর্টার ও সংশ্লিষ্ট প্রতিবেদককে আসামী করা হয়েছে। মামলা বলা হয়েছে, রিপোর্টটি উদ্দেশ্যমূলকভাবে প্রকাশ করা হয়েছে। রিপোর্টে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করতে বলা হয়েছে ‘প্রলয় পুলিশে অঘোষিত হিন্দু লীগ’ চালু করেছে। পাশাপাশি তাকে পুলিশের মূর্তিমান আতঙ্ক উল্লেখ করা হয়েছে। এছাড়া পুলিশের নিয়োগ, বদলি, মিশনে পাঠানোর সবকিছুই তিনি প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে নিয়ন্ত্রণ করে আসছেন। এতে একটি শৃঙ্খলা বাহিনীর চেন অব কমান্ড ভেঙে পড়ার আশঙ্কা করা হয়েছে মামলায়।
এই মামলায় মঙ্গলবার রাতেই ইনকিলাব পত্রিকার বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে গ্রেফতার করে পুলিশ। গতকাল তাকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে। গতকাল বিকালে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আশিকুর রহমান। এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আজিজুর রহমান। ঢাকা মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান ইত্তেফাককে বলেন, মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। বিশেষ করে প্রতিবেদককে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের হওয়া অপর মামলাটি করেছেন কাফরুল থানার এসআই ইব্রাহিম খলিল। মামলায় তিনি অভিযোগ করেন, মো. শামসুজ্জোহা ফেসবুকে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য ও আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর মন্তব্য করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর ছবি দিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। মঙ্গলবার মামলা দায়েরের পর রাতেই ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ। গতকাল তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মো. শামসুজ্জোহা র্যাব-১ এর সাবেক মেজর। কিছুদিন আগে তিনি অবসরে গেছেন।