মোস্তফা কামালের ‘হ্যালো কর্নেল’
যুদ্ধ ও প্রেমের কথকতা
প্রকাশ : ২১ আগস্ট ২০১৪, ১৮:৫৬
হ্যালো কর্নেল
মোস্তফা কামাল
প্রকাশক :বিভাস
মূল্য :১০০ টাকা
মোস্তফা কামালের ‘হ্যালো কর্নেল’(২০১০) একটি ব্যতিক্রমী সৃষ্টি। বিশেষত এই উপন্যাসের কাহিনি বর্তমান পাকিস্তানের জঙ্গি তত্পরতা ও আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি, তালেবানদের আক্রমণ—সব মিলিয়ে সমকালীন ও প্রাসঙ্গিক। ২০০৪ সালে মোস্তফা কামাল পেশাগত দায়িত্ব পালনের জন্য পাকিস্তানের বেলুচিস্তান ছাড়া অন্য সব অঞ্চল প্রায় এক মাস চষে বেড়িয়েছিলেন। এরপর আরো দু-দফায় তিনি সেখানে যাবার সুযোগ পান। প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে তিনি দেখতে পান সেখানকার সমাজে কিভাবে জঙ্গিবাদ শিকড় গেড়ে বসেছে। সরকার, সামরিক ও বেসামরিক প্রশাসন, রাজনৈতিক দল জঙ্গিবাদকে সহযোগিতা করছে। তখন থেকেই আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকা ও ওয়াজিরিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে যুক্তরাষ্ট্র বিমান এবং কখনো কখনো ড্রোন হামলা চালিয়েছে। পাকিস্তানের অনুমতি না নিয়ে এই হামলা পরিচালনা করলেও তত্কালীন মোশাররফ সরকার নিন্দা জানাতে পারেনি। কারণ তার সরকার জঙ্গিবিরোধী কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১০ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য নিয়ে উল্টো তালেবান জঙ্গিদের সঙ্গে সমঝোতা চুক্তি করেছিল। জঙ্গিবাদের বাস্তবতা নিয়ে মোস্তফা কামালের ‘হ্যালো কর্নেল’-এ যুদ্ধ ও প্রেম একীভূত। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পাকিস্তান-আফগানিস্তানের অভিজ্ঞতা উপন্যাসের কাহিনির ফ্রেমে ধারণ করেছেন তিনি। মোস্তফা কামাল দেখিয়েছেন এক জটিল রাজনৈতিক বাস্তবতা রয়েছে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে। পাকিস্তানের সেনাকর্তা কর্নেল মইনুদ্দিন, বাংলাদেশি যুবক সাকিব, তার পাকিস্তানি প্রেমিকা মাহাভেস, যুবক আফ্রিদি ও তার মমতাময়ী মা উপন্যাসের মূল চরিত্র। সাকিবের জবানিতে উপন্যাসের কাহিনির সূচনা এবং ধীরে ধীরে উন্মোচিত হয়েছে পাকিস্তানের সীমান্তবর্তী ভূখণ্ডের চিত্রাবলি।
‘হ্যালো কর্নেল’ একটি গুরুত্বপূর্ণ উপন্যাস হিসেবে বিবেচিত। এর কাহিনি নাটকীয় কৌশলে বিবৃত হয়েছে। যুদ্ধ, হত্যা, আতঙ্ক সব কিছুকে ছাপিয়ে এই দুই ভিনদেশি নর-নারীর প্রেমের পুনর্মিলনে উপন্যাসটি শেষ হয়েছে। মূলত মোস্তফা কামাল সমকালীন রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে একাধিক উপন্যাস রচনা করেছেন। তার মধ্যে স্থান-কালের বিন্যাসে বৈচিত্র্যময় আখ্যানের শৈল্পিক উপস্থাপনা হচ্ছে ‘হ্যালো কর্নেল’। উপন্যাসটি দেশ এবং বিশ্বের বর্তমান জঙ্গিবিরোধী পরিস্থিতিতে একটি তাত্পর্যপূর্ণ সৃষ্টিকর্ম।