একটি গ্রাম, মথিত তার
প্রকাশ : ২১ আগস্ট ২০১৪, ১৮:৫৬
যদি বলি ত্রিশাল নামের গ্রামটিকে
আমি ভালোবাসি, এর সবুজ ধানের
ঝিলিক পা বাড়িয়ে যেন ডাকছে, আয়,
আয়। শ্রাবণে এর দরোজা খুলে গেছে।
নিশ্চিন্তে ধ্যানী বকপাখি দক্ষিণ থেকে
বিলে নেমে মাছ খোঁটে। প্রবীণ, মাথায়
টুপি, গালে দাড়ি, বলেন, ‘স্লামালেকুম,
আছন নি বালা?’ ‘হ্যাঁ, মুরুব্বি,’ বলি আমি।
আজ সন্ধ্যায় গোল চাঁদ রূপশ্রী ঝরে,
শ্রাবণের ভারী মেঘ খানিকটা ঢাকে
তার, খানিকটা ছাড়ে। দুটো ব্যাং সতর্ক,
পানি জমা পথ ছাড়ে, তার শব্দ পাই।
নিবেদিত একটি গ্রাম, মথিত তার
চান্দ্র-ধান্য পরিবেশ আমার নৈকট্যে।