হোমনায় দুটি সরকারি স্কুলে স্থায়ী জলাবদ্ধতা

সামান্য বর্ষণেই স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়ে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হচ্ছে হোমনা উপজেলা সদরের দুটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষার্থীদের রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিও। মাঠের দক্ষিণ পাশে হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাঠের উত্তর পাশে উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় হোমনা সরকারি হাই স্কুল অবস্থিত। ওই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই সহস্রাধিক শিক্ষার্থীর একমাত্র খেলার মাঠটি দীর্ঘ জলাবদ্ধতার কবলে পড়ে থাকলেও এদিকে স্থানীয় প্রশাসনের কোনো নজর না থাকায় প্রতিষ্ঠান দু’টির শিক্ষক-শিক্ষার্থীদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির পানিতে মাঠে হাঁটুসমান পানি। এই পানির ওপর দিয়ে স্কুল শেষে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা হেঁটে মাঠ পার হচ্ছে। দীর্ঘদিনের পঁচা দুর্গন্ধময় পানি মাড়িয়ে বিদ্যালয়ে আসা-যাওয়ার কারণে শিক্ষার্থীদের অনেকেই খোস-পাচরা, সর্দি, কাশি, জ্বরসহ অন্যান্য রোগে ভুগছে। হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাইয়ুম মারুফ জানান, মাঠের জলাবদ্ধতা নিরসনে দুই বছর আগেই পৌর ও উপজেলা প্রশাসনকে জানিয়েছিলাম, কোনো প্রতিকার হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামালউদ্দিন বলেন, সামান্য বৃষ্টি হলেই স্কুলের খেলার মাঠটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রতিদিন ছোট বাচ্চারা সেই পানি মাড়িয়ে স্কুলে আসা-যাওয়ার কালে বই ও কাপড়চোপড় ভিজে নষ্ট হয়ে যায়। ফলে ক্লাশে ঠিকমতো পড়াশুনায় মনোযোগী হতে পারে না।