জীবননগরে জনযুদ্ধের রানা নামে গণহারে চাঁদা দাবি

নিষিদ্ধ সংগঠন জনযুদ্ধের সদস্য রানার নাম ব্যবহার করে জীবননগর উপজেলার বিভিন্ন পেশার মানুষের কাছে গত কয়েকদিন ধরে মোবাইলে চাঁদা দাবি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। জনপ্রতিনিধি থেকে শুরু করে ইটভাটার মালিক এবং সাধারণ ব্যবসায়ী এমনকি সাংবাদিকদের নিকটও চাঁদা দাবি করে মোবাইল করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, জনযুদ্ধের রানা নাম করে ০১৮৬১১৩০৭৭৮ ও ০১৭৯১১৮৪৫৩১ নম্বর থেকে ফোন করে বলা হচ্ছে, জনযুদ্ধের রানা বলছি। আপনি রিং ব্যাক করেন। জরুরি কথা আছে। রিং ব্যাক করলে বলা হচ্ছে দলের আহত সদস্যদের চিকিত্সা ও তাদের পরিবারের সদস্যদের জন্য কিছু টাকা প্রয়োজন। বিকাশের মাধ্যমে টাকা দিতে হবে। চাঁদাবাজ এ চক্রের হুমকিতে কেউ কেউ ভয়ে চাঁদা দিচ্ছে বলে জানা গেছে। পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।