আদিতমারী ও কেরানীগঞ্জে দুইজন খুন

লালমনিরহাটের আদিতমারীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও ঢাকার কেরানীগঞ্জে এক যুবককে গলা ও পেট কেটে হত্যা করা হয়েছে। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। আদিতমারীতে গৃহবধূ খুন লালমনিরহাটের আদিতমারীর বারঘড়িয়া গ্রামে গত বুধবার গভীর রাতে স্বামীর ছুরিকাঘাতে বুলবুলি বেগম (২১) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ স্বামী এরশাদকে গ্রেফতার করেছে। গত ঈদ উল আজাহার পর দিন নগদ এক লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার যৌতুক দিয়ে এরশাদের সাথে বুলবুলির বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসাবে নতুন একটি বাই সাইকেল দেয়ার কথা ছিল। কিন্তু পুরান একটি বাই সাইকেল কিনে দেয়া হয়। ঘটনার দিন রাতে পুরানো বাই সাইকেল নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে এরশাদ ধারালো অস্ত্র দিয়ে বুলবুলির শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। বুলবুলির চিত্কার শুনে প্রতিবেশিরা এগিয়ে এলে এরশাদ ঘরের বেড়া ভেঙ্গে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর বুলবুলি ঘটনাস্থলেই মারা যান। আদিতমারী থানার ওসি আসলাম ইকবাল জানান, এ ঘটনায় জামাতা এরশাদকে আসামি করে মেয়ের বাবা আব্দুল মতিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরশাদ হত্যার কথা স্বীকার করেন। কেরানীগঞ্জে গলা ও পেট কেটে যুবক হত্যা ঢাকার কেরানীগঞ্জের আমবাগিচা মহিলা ডিগ্রী কলেজের পিছন থেকে গতকাল বৃহস্পতিবার সকালে মো. লালচান (৩০) নামে এক যুবকের গলা ও পেট কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ওবায়দুল হক জানান, লাশের গলা ও পেট কাটা এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত লালচান গুলিস্তান-কদমতলী-চুনকুটিয়া চৌরাস্তা পর্যন্ত চলাচলকারী নগর পরিবহনের একটি লেগুনা গাড়ির ড্রাইভার ছিল।