ভারতে দুইবোনের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত

শিশু অপহরণ, তাদের দিয়ে ভিক্ষাবৃত্তি, চুরি এবং শিশু খুনের দায়ে ভারতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বোনের দণ্ড কার্যকর স্থগিত করেছে সেদেশের একটি আদালত। মঙ্গলবার দুই বোন মুম্বাই আদালতে আপিল আবেদনে বলেন, তাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরে ১৩ বছর বিলম্ব হয়ে গেছে। তাই বিষয়টিকে অতিরিক্ত দাবি করে তারা তাদের আবেদন বিবেচনার আর্জি জানান। আদালত তাদের আবেদন আমলে নিয়ে দণ্ড কার্যকরে স্থগিতাদেশ এবং পরবর্তী শুনানির দিন ৯ সেপ্টেম্বর ধার্য করে। দণ্ডিত দুই বোনের আইনজীবী সুদীপ যশওয়াল বলেন, আদালত দণ্ড কার্যকরে এই অত্যধিক বিলম্বের বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাদের আবেদন গ্রহণ করেছে এবং পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। উল্লেখ্য দেশটির ইতিহাসে এখনো পর্যন্ত কোন নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৪ থেকে ১৯৯৬ সালের মধ্যে রেনুকা কিরণ সিন্ধে ও তার সেবান সিমা মোহান গাভিত মহারাষ্ট্রে এই অপরাধগুলো ঘটান। জুলাইয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই দুইবোনের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন। ক্ষমাভিক্ষার আবেদন রাষ্ট্রপতি প্রত্যাখ্যান করায় ধরে নেয়া হয়েছিল, এই প্রথম দেশটিতে কোন নারী অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে।