ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা
প্রকাশ : ২১ আগস্ট ২০১৪, ২১:৩২
ময়মনসিংহ জেলা-উপজেলায় দুর্ঘটনার জন্য অনুন্নত সড়ককে দায়ী করা হয়ে থাকে। বর্তমান সরকারের আমলে সড়ক-মহাসড়কের ব্যাপক উন্নতি হয়েছে। এখনও হচ্ছে। ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ার বাকি আর কিছুদিন। যোগাযোগমন্ত্রী প্রায়শই নির্মীয়মান মহাসড়ক পরিদর্শন করে যাচ্ছেন। এই মহাসড়ক নির্মাণ সম্পন্ন হলে বৃহত্তর ময়মনসিংহবাসী অল্প সময়ের মধ্যে ঢাকায় পৌঁছতে পারবেন। সড়ক-মহাসড়কে দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনের চালকরা। কারণ তাঁরা বেপরোয়া গাড়ি চালিয়ে থাকেন। দুর্ঘটনার পর সরকারের ওপর দোষ চাপিয়ে দেন তাঁরা। এখানে সরকার কী করলো? সরকারিভাবে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয় । কিন্তু এর কোনো তোয়াক্কাই চালকরা করেন না। এক্ষেত্রে যাত্রীদেরও ভূমিকা পালন করতে হবে। বেপরোয়া গাড়ি চালালে ঐ চালককে বোঝাতে হবে। তারপরও চালক কথা না শুনলে গাড়ি থামাতে চালককে বাধ্য করে নিকটস্থ থানায় অভিযোগ করতে হবে। অযথা সরকারকে দোষারোপ না করে মানুষের প্রাণ বাঁচাতে সকল যাত্রীরই এ ব্যাপারে এগিয়ে আসা উচিত বলে মনে করি।
এম ইদ্রিছ আলী, মুক্তাগাছা , ময়মনসিংহ